ওআইসির বিশেষ সম্মেলন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার প্রেক্ষাপটে টানাপড়েনের মধ্যে তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর জোট ওআইসির বিশেষ সম্মেলন অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার সন্ধ্যায় ইস্তাম্বুল থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রওনা হয়ে বৃহস্পতিবার ভোরে রাষ্ট্রপতি ঢাকা পৌঁছান।
আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতির ঘোষণা দেওয়ায় ওআইসির বর্তমান চেয়ার তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান ওআইসির এই বিশেষ সম্মেলন ডাকেন।
বুধবার ওই সম্মেলনে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি হামিদ জেরুজালেম প্রশ্নে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত বদলে বাধ্য করতে মুসলিম দেশগুলোর জোট ওআইসিকে দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সম্মেলন শেষে ইস্তাম্বুল ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পাল্টায় পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ওআইসি নেতৃবৃন্দ।
ওআইসির বিশেষ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বুধবার বিকালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশীরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন রাষ্ট্রপতি।
এই সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার সঙ্গে ছিলেন।
