সবার খাদ্য অধিকার নিশ্চিতে আইন চান ইনু
দেশের কেউ যেন কখনো অভুক্ত না থাকে সেলক্ষ্যে আইন করে সবার খাদ্য অধিকার নিশ্চিত করার প্রস্তাব দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার সকালে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্য বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণে আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সম্মেলনে এ প্রস্তাব দেন তিনি।
সর্বদলীয় সংসদ কমিটি (এপিপিজি), আমার অধিকার ক্যাম্পেইন এবং অক্সফাম সম্মিলিতভাবে এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে সমাজতন্ত্র ও শোষণমুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে তথ্যমন্ত্রী ইনু বলেন, “শ্রমিক, গরীব, নারী, আদিবাসীর অধিকার ছাড়া গণতন্ত্র একটা পোড়া রুটি। এই রুটি খাওয়া যায়না।”
দারিদ্র্যতার কারণ এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনায় ভারতের উদাহরণ দিয়ে জাসদ একাংশের সভাপতি বলেন, “আইন করে সবার জন্য খাদ্য অধিকার নিশ্চিত করতে হবে, খাদ্য দিতে বাধ্য থাকবে রাষ্ট্র।”
এছাড়া ইন্টারনেটের অধিকার নিশ্চিত করতে ভ্যাট না নিয়ে সবার জন্য ইন্টারনেট ব্যবহার সহজলভ্য করার পরামর্শ দেন তিনি।
দারিদ্র্য বিমোচনে সরকারের গৃহীত ‘সামাজিক নিরাপত্তা জাল’ কর্মসূচির প্রশংসা করে ইনু বলেন, “সমাজতন্ত্র ও শোষণমুক্তির মাধ্যমে অর্থনৈতিক মুক্তির পথ নিহিত রয়েছে।”
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “হতদরিদ্রদের জীবনমানের কিভাবে উন্নয়ন করা যায়, সেটি মাথায় রেখেই জাতীয় বাজেট প্রণয়ন করা হচ্ছে। প্রতিবছর বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে, যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে এই কর্মসূচির আওতায় আনা যায়।”
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি মানুষও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে নেই বলে জানান তিনি।
সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শামসুল আলম।
দারিদ্র্য বিমোচনে সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করতে গিয়ে তিনি জানান, ২০০০ সালে দারিদ্র্য সীমার নিচে বসবাস করত প্রায় ৪৯ শতাংশ এবং ২০১৬ সালে সেই মাত্রাটা ২৪ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “আমরা কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলছি, কিন্তু সম-বণ্টনের কথা বলছি না।”
প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবনমানের উন্নয়ন হচ্ছে কিনা সেদিকটায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রবৃদ্ধি দারিদ্র্য কমায় না- যদি না সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রবৃদ্ধির সুফল সকল পিছিয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। কারণ শ্রেণি উন্নয়নের মূলে রয়েছে শিক্ষা।”
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকি নারীকে এগিয়ে নিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “সবচেয়ে বেশি যারা দরিদ্র, ঝুঁকিগ্রস্ত এবং অপুষ্টিতে ভোগে, তারা হচ্ছে নারী”।
রেবতী ঘরামীর কথা
সম্মেলনে দারিদ্র্যের সাথে লড়াই করে ঘুরে দাঁড়ানো খুলনার দাকোপ এলাকার রেবতী ঘরামী তার সংগ্রামের কথা তুলে ধরেন।
২০০৯ সালে আঘাত হানা ঘূর্ণিঝড় আইলায় বাড়িঘর হারান তিনি, দুর্যোগে বেঁচে ফেরা স্বামী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু তিনি দমে যাননি। গ্রামের অন্যান্য সাধারণ নারীদের নিয়ে তিনি খোলেন নিজেদের সংগঠন।
সেই সংগঠনের নারীরা মিলে সঞ্চয় করেন ৬৪ লাখ টাকা, যা দিয়ে ৭০ বিঘা জমি লিজ দেওয়ার পাশাপাশি কেনেন কৃষি ও অন্যান্য সেচ সরঞ্জাম।
চাষে সংসারের স্বচ্ছলতা ফিরিয়ে এনে ঘুরে দাঁড়ালেও রেবতীর আক্ষেপ, লবণাক্ত পানির প্রভাবে আশানুরূপ ফসল ফলাতে পারছেন না তারা। এ ব্যাপারে প্রধাননমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ‘লবণ সহিষ্ণু কৃষি উৎপাদন পরিকল্পনা’ প্রণয়নের অনুরোধ জানিয়েছেন তিনি।
বাংলাদেশের মানুষের সাহস, কর্মযজ্ঞ এবং সরকারের স্বদিচ্ছা নিয়ে দেশ এগিয়ে যাবে প্রত্যাশা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সম্মেলনের সভাপতি ডা. দীপু মনি।
