সোমবার বৃষ্টি কমার আভাস
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ কেটে যাওয়ায় সোমবার বৃষ্টি কমবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে (শনি ও রোববার) রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, এ সময় শীতও কিছুটা বেড়েছে। এরপর আকাশ মেঘমুক্ত থাকলে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে থাকবে বলে আভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা বলছেন, চলতি ডিসেম্বর মাসের শেষার্ধে গিয়ে দেশের অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এ সময় শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চাঁদপুরে, ৬২ মিলিমিটার।
আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিম্নচাপ কেটে গেছে, মেঘাচ্ছন্ন আকাশও পরিষ্কার হবে সোমবার থেকে। চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর ছাড়া সর্বত্র মেঘমুক্ত আবহাওয়া থাকতে পারে, বৃষ্টির প্রবণতাও কমবে।”
তিনি বলেন, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গত দুদিন শীত বেশি অনুভূত হয়েছে। তবে কয়েকদিন পর থেকে রাতে শীতের তীব্রতা বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ হিসাবে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে যেতে পারে।
সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
সোমবার এ সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হতে পারে বলে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানিয়েছেন।
সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেইসাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়সাস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় অন্যান্য জায়গায়ও এক থেকে দুটি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
