২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনসিসিতে মেয়র নির্বাচনে আইনি জটিলতা নেই: ইসি সচিব

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন নিয়ে আইনি জটিলতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 05:06 PM

Updated : 19 Aug 2022, 06:09 PM

নতুন ১৮টি ওয়ার্ড ডিএনসিসিতে যুক্ত হওয়ায় আনিসুল হকের উত্তরসূরি নির্বাচনের পথে আইনি জটিলতা দেখা দিতে পারে বলে অনেকের আশঙ্কার প্রেক্ষাপটে একথা জানান তিনি।

গত ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর মেয়র পদটি শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। সেক্ষেত্রে ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ উপনির্বাচন করতে হচ্ছে ইসিকে।

হেলালুদ্দীন রোববার সাংবাদিকদের প্রশ্নে বলেন, “১৮টি নতুন ওয়ার্ডে ভোট আয়োজনের স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের অনুরোধ জানিয়ে রেখেছে। সেক্ষেত্রে এ নির্বাচন নিয়ে কোনো প্রতিবন্ধকতা নেই, নির্বাচন করতে আর কোনো জটিলতাও নেই।”

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন ২৮ ডিসেম্বরের স্থানীয় সরকারের কিছু নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বৈঠক শেষে একথা বলেন সচিব।

মেয়র পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর এখনও নির্বাচন কমিশন কোনো আনুষ্ঠানিক বৈঠক করেনি।

হেলালুদ্দীন বলেন, “দুয়েকদিনের মধ্যে কমিশন বসবে। সিদ্ধান্ত হবে কী করা যায়- নির্বাচন কীভাবে করা হবে।”

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, “কমিশন নিজেরা বসে প্রয়োজন মনে করলে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে আলোচনা করবে।”

‘নির্বাচন অবাধ করার দায়িত্ব প্রশাসনের’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, “নির্বাচন অবাধ করার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের উপর। নির্বাচন কর্মকর্তারা আপনাদের সাহায্য, সহযোগিতার উপর নির্ভরশীল। এর বাইরে কোনো কিছু নেই।”

সকালে নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে  এক সভায় সিইসি একথা বলেন।

সভায় চার নির্বাচন কমিশনার, ইসির ভারপ্রাপ্ত সচিব,  বিভিন্ন বাহিনীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

২৮ ডিসেম্বর স্থানীয় সরকারের ১৩৩টি এলাকায় ভোট হবে। এর মধ্যে ৪টি পৌরসভায় সাধারণ, ৩টি পৌরসভায় উপনির্বাচন, ৩৪ ইউপিতে সাধারণ ও ৯১ ইউপিতে উপনির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ নির্বাচন হবে।

পুরনো খবর:

২৮ ডিসেম্বর ১৩৩ পৌর, ইউপি, উপজেলায় ভোট
নতুন ওয়ার্ড নিয়েই ভোট করতে হবে ঢাকা উত্তরে: মোবারক