বিমান যাত্রীর অন্তর্বাসে ৪০০ গ্রাম সোনা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় আধা কেজি সোনা উদ্ধারের পর তাকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তার মো. সাইদুর রহমানের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, শনিবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট করে আবুধাবি থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন সাইদুল। আগে থেকে খবর পেয়ে গোয়েন্দারা তাকে নজরদারিতে রাখে।
পরবর্তীতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সাইদুল তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি অস্বীকার করেন।
কিন্তু আগে থেকে তথ্য থাকায় এবং কথাবার্তায় অসঙ্গতি দেখা যাওয়ায় শুল্ক গোয়েন্দারা তার দেহ তল্লাশি করে অন্তর্বাস থেকে তিনটি সোনার বার ও একটি অলঙ্কার উদ্ধার করে।
মইনুল খান বলেন, তিনটি সোনার বারের মোট ওজন ৩৪৯ গ্রাম; আর অলঙ্কারের ওজন ৫৭ গ্রাম। সবমিলিয়ে ৪০৬ গ্রাম সোনা উদ্ধার করা হয় তার কাছ থেকে, যার মূল ২০ লাখ ৩০ হাজার টাকা।
এ ঘটনায় শুল্ক আইনে গ্রেপ্তার করা সাইদুরকে বিমানবন্দর থানায় সোপর্দ করার হয়েছে বলে জানান তিনি।
