২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের সায়লা হত্যার সঠিক তদন্ত চায় পরিবার

তিন মাস আগে চাঁদপুরের কলেজশিক্ষার্থী সায়লা উম্মে রাহির মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে প্রভাবশালী মহলের চাপে পুলিশ বিষয়টির সঠিক তদন্ত করছে না বলে অভিযোগ করেছেন তার বাবা মোহাইমেন ভূঁইয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2017, 04:16 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

গত ১৩ সেপ্টেম্বর সায়লাকে তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও তাদের আত্মীয়-স্বজনরা হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করে বলে শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসে বলেন তিনি।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে ওই সংবাদ সম্মেলন থেকে ‘হত্যার ঘটনাটি’ সুষ্ঠু ও সঠিকভাবে তদন্তের দাবিও জানান নিহত সায়লার বাবা।

তার দাবি, বিয়ের পর থেকে যৌতুকের জন্য নিয়মিত মারধর ও নির্যাতনের শিকার সায়লাকে গত ১৩ সেপ্টেম্বর হত্যার পর তা আত্মহত্যা বলে প্রচার করে তার শ্বশুর বাড়ির লোকেরা। কিন্তু ময়নাতদন্তের হত্যার বিষয়টি উঠে এসেছে।

মোহাইমেন ভূঁইয়া বলেন, চাঁদপুর সরকারি কলেজের স্নাতক অধ্যয়নরত অবস্থায় গত ২৮ জুলাই সায়লাকে চাঁদপুর শহরের ট্রাক রোডের বাসিন্দা আবু তাহের পাটওয়ারীর ছেলে জিয়াউল হক মামুনের সঙ্গে সায়লার বিয়ে দেওয়া হয়।

বিয়ের সময় সাড়ে তিন লাখ টাকা যৌতুক ও অনেক সোনার গহনা দেওয়া হয়।

কিন্তু বিয়ের পর থেকে মামুন ও তার পরিবার ১০ লাখ টাকা দাবি করে জানিয়ে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মামুনকে জার্মানি পাঠানোর কথা বলে এই টাকা চায় তারা। মামুন একটি কোম্পানির ম্যানেজার হিসেবে কর্মরত বলে বিয়ের আগে জানানো হলেও পরে জানতে পারি সে বেকার ও মাদকাসক্ত।

Image
সায়লা উম্মে রাহি (ফাইল ছবি)

সায়লা উম্মে রাহি (ফাইল ছবি)

যৌতুকের জন্যই তার মেয়েকে তার স্বামী, শ্বশুর-শাশুড়ি ও তাদের আত্মীয় স্বজনরা হত্যা করে বলে অভিযোগ মোহাইমেন ভূঁইয়ার।

এ ঘটনায় সায়লার স্বামী মামুন ও তার বাবা-মাসহ সাতজনকে আসামি করে চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করেছেন জানিয়ে তিনি অভিযোগ করেন, কিন্তু প্রভাবশালী মহলের চাপে পুলিশ ঘটনার সঠিক তদন্ত করছে না; আসামিদেরও ধরছে না।

তবে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে অভিযোগ নাকচ করেছে মামলার তদন্তের দায়িত্বে থাকা চাঁদপুরের পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।

অভিযোগের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসআই শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় সায়লার স্বামীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজন বিদেশ চলে গেছে আর একজন পলাতক রয়েছে।

ঘটনাটি সঠিকভাবেই তদন্ত হচ্ছে বলেও দাবি তার।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সায়লার বাবা ছাড়াও তার ভগ্নিপতি জসিম উদ্দিন ও মামা মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।