২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সঙ্গে ‘সদ্ভাব’ রেখেই রোহিঙ্গা প্রত্যাবাসনের আশায় হাসিনা

মিয়ানমারের সঙ্গে ‘সদ্ভাব’ রেখেই রোহিহঙ্গাদের সেদেশে ফেরত পাঠানোর বিষয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2017, 08:41 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

কম্বোডিয়া সফর নিয়ে বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেহেতু মিয়ানমার আমাদের প্রতিবেশী দেশ। আমি চাই প্রতিবেশীদের সঙ্গে সব সময় একটা সদ্ভাব থাকুক। সেখানে আসলে যে ঘটনাগুলো ঘটছে এটা কখনও গ্রহণযোগ্য না, অনভিপ্রেত ঘটনা।

“আমরা মানবিক কারণে এদের (রোহিঙ্গা) আশ্রয় দিয়েছি। কিন্তু অবশ্যই মিয়ানমারের নাগরিক তাদের দেশে ফিরে যাবে এটাই আমাদের আশা।”

কম্বোডিয়া সফরে সেদেশের প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে বৈঠকেও রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতা চান শেখ হাসিনা।

কম্বোডিয়া ও মিয়ানমার দুটোই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেদশগুলোর জোট আসিয়ানের সদস্য।

কম্বোডিয়া এ বিষয়ে কী ধরনের সহায়তা করতে পারবে- এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে আমরা যথেষ্ট সমর্থন পাচ্ছি।

“কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি। উনি বলেছেন যে, আসিয়ান দেশগুলো যেন সমর্থন দেয় সে ব্যাপারে উনি কথা বলবেন।”

আসিয়ান জোটভুক্ত দেশগুলো রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে ‘চাপ দিচ্ছে’ বলে জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরে সমঝোতা স্মারক সই হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তারা স্বীকার করে নিয়েছেন যে, তারা তাদের নাগরিকদের ফেরত নিয়ে যাবেন। একটা যৌথ কমিটি করা হবে এবং এই কমিটির মাধ্যমেই এদের ফেরত নেওয়ার ব্যবস্থা করা হবে। যে কাজগুলো এখন চলছে।”

Image
রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে নারী ও শিশুই বেশি। ছবি: মোস্তাফিজুর রহমান

রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে নারী ও শিশুই বেশি। ছবি: মোস্তাফিজুর রহমান

গত অগাস্টের শেষদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরু হয়।

সহিংসতার মুখে এরইমধ্যে ছয় লাখের বেশি রোহিঙ্গা ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। কয়েক দশক ধরে থাকা চার লাখ রোহিঙ্গাকে নিয়ে এখন বাংলাদেশ এই জনগোষ্ঠীর ১০ লাখ মানুষের ভার বইছে।

কম্বোডিয়া সফর দুই দেশের সম্পর্কোন্নয়নে ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

রোববার কম্বোডিয়ার রাজধানী নম পেনে পৌঁছে প্রথম দিনই শেখ হাসিনা দেশটির  স্বাধীনতা স্মৃতিস্তম্ভে এবং কম্বোডিয়ার জাতির পিতা প্রয়াত রাজা নরোদম সিহানুকের স্মৃতি ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কম্বোডিয়ার গণহত্যা জাদুঘর পরিদর্শন করেন তিনি।

সেদিন কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত সাঈদা মুনা তাসনিমের দেওয়া একটি নৈশভোজে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

সোমবার সকালে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পিস প্যালেসে’ দুই প্রধানমন্ত্রীর একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশের মধ্যে নয়টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়।

পরে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতিতে দুই দেশের সহযোগিতার সম্পর্ক নতুন মাত্রায় নিতে আগ্রহের কথা জানান।

একই দিন প্রধানমন্ত্রী কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কম্বোডিয়া চেম্বার অব কমার্সের আয়োজনে ব্যবসায়ীদের একটি মতবিনিময় সভায় অংশ নেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের দেওয়া নৈশভোজেও যোগ দেন তিনি।

কম্বোডিয়ার ন্যাশনাল অ্যাসেম্বেলির প্রেসিডেন্ট হেং শামরিন এবং কম্বোডিয়ান রয়্যাল পার্টির প্রেসিডেন্ট নরোদম রানারিদ হোটেলে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর সফরকালে কম্বোডিয়া সরকার নম পেনের ৩৩৭ নম্বর সড়কটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণের ঘোষণা দেয়। একইসঙ্গে ঢাকার বারিধারার কূটনৈতিক এলাকায় অবস্থিত ‘পার্ক রোড’ রাস্তাটি কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে নামকরণের ঘোষণা দেওয়া হয়।

শেখ হাসিনা বলেন, “কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতীম রাষ্ট্র। প্রাচীনকাল থেকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও ভাষাগত নিবিড় সম্পর্ক বিদ্যমান।

“দুই দেশই ১৯৭০ এর দশকে ঔপনিবেশিক শাসন ও শোষণের শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। উভয় দেশই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছে এবং স্বীয় প্রচেষ্টায় ধ্বংসস্তুপ থেকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।”

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, বৌদ্ধ ভিক্ষুদের একটি প্রতিনিধি দল ও একটি ব্যবসায়ী প্রতিনিধি দল কম্বোডিয়া সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

পুরনো খবর:

রোহিঙ্গা সঙ্কট: কম্বোডিয়াকে পাশে চায় বাংলাদেশ