বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির অপেক্ষায় বাংলার শীতলপাটি
ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ) -এর স্বীকৃতির অপেক্ষায় বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী শীতলপাটি।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় জাদুঘর সম্প্রতি শীতলপাটির বয়ান পদ্ধতির আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে ‘ইন্টারগভার্নমেন্টাল কমিটি ফর দ্য সেফগার্ডিং অফ দ্য ইনটেনজিবল কালচারাল হেরিটেজ’-শীর্ষক অধিবেশনে প্রস্তাব উত্থাপন করেছিল।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে শীতলপাটির এক বিশেষ প্রদর্শনীর উদ্বোধনীতে এসে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, কোরিয়ার জেজু দ্বীপে শুরু হওয়া ইনটেনজিবল কালচারাল হেরিটেজ- এর চলতি অধিবেশনে স্বীকৃতির বিষয়টি ‘প্রায় নিশ্চিৎ’। এখন কেবল সময়ের অপেক্ষা।
তিনি বলেন, “সিলেটের শীতলপাটির বয়ান পদ্ধতির স্বীকৃতি আদায়ে আমরা অনেক দিন থেকেই চেষ্টা করে আসছি। ইউনেস্কোর এই স্বীকৃতি আদায়ে আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদনও করেছি। আমরা স্বীকৃতি পেতে চলেছি। স্বীকৃতি পেলে সেটা হবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের বড় একটি পাওনা।”
এর আগে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, বাংলার বাউল সংগীত, ঐতিহ্যবাহী জামদানী বুনন পদ্ধতি ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে।
জাতীয় জাদুঘরে মঙ্গলবার প্রদর্শীত সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি। ছবি: দীপু মালাকার
জাতীয় জাদুঘরে মঙ্গলবার প্রদর্শীত সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি। ছবি: দীপু মালাকার
আসাদুজ্জামান নূর বলেন, “শীতলপাটির প্রাপ্যতা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। কারুশিল্পটির রক্ষায় লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অবদান রাখার সুযোগ অনেক বেশি। যুগের সাথে তাল মিলিয়ে এই শিল্পের সাথে নতুনত্ব এনে তাকে রক্ষা করতে হবে। প্রয়োজনে আমরা শিল্পীদের দক্ষতা বৃদ্ধি ও তাদের সহযোগিতার জন্য বিশেষ পদক্ষেপ নেব।”
বাংলাদেশের আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন বাংলার শীতলপাটি। লোকশিল্পটি মুর্তা (schumannianthus dichotomus) নামক গাছের বেতি থেকে বিশেষ বুনন কৌশলে শিল্পরূপ ধারণ করে।
জাতীয় জাদুঘরে মঙ্গলবার প্রদর্শীত সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি। ছবি: দীপু মালাকার
সিলেটের শীতলপাটির এই বুননশিল্পীরা ‘পাটিয়াল’ বা ‘পাটিকর’ নামে পরিচিত।
মঙ্গলবারের প্রদর্শনীতে যোগ দিতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার রামতোলাপুর ও রামদুলিজুরা গ্রাম থেকে এসেছেন চার জন পাটিকর। এরা হলেন রমাকান্ত দাশ, অজিত কুমার দাশ, অরুণ চন্দ্র দাশ ও আরতী রাণী দাশ।
তাদের সঙ্গে আলাপচারিতায় জানা গেল, নারী-পুরুষ নির্বিশেষে সবাই পাটি বুননের কাজ করেন। তবে নারী পাটিকররা কাজে অধিকতর ভূমিকা রাখেন।
পুরুষশিল্পী মুর্তা সংগ্রহের পরে পরিবারের সদস্যরা তা পরিস্কার করে সরু করে কেটে শুকানো, নখানি, দা দিয়ে সরু করে বেতি তোলা, রঙ করার জন্য জ্বাল দেওয়া, পানিতে বা রোদে শুকানো প্রভৃতি প্রক্রিয়ার মাধ্যমে বুনন উপযোগী করে তোলেন। মুর্তা গাছের বেতিকে বুননের উপযোগী করে তোলা থেকে শীতল পাটি বোনার প্রতিটি ধাপে পরিবারের প্রতিটি সদস্যের হাতের ছোঁয়া থাকে। তাদের কাছে এ কাজটি ‘পারিবারিক শিল্প’ হিসেবেও স্বীকৃত।
জাতীয় জাদুঘরে মঙ্গলবার সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি প্রদর্শনীতে শীতলপাটি তৈরি করছেন এক কারিগর। ছবি: দীপু মালাকার
জাতীয় জাদুঘরে মঙ্গলবার সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি প্রদর্শনীতে দর্শনার্থীরা। ছবি: দীপু মালাকার
জাদুঘরের প্রদর্শনীতে ঠাঁই পাওয়া নকশাদার শীতলপাটি ‘আসমান তারা’, ‘কমলকোষ’, ‘জমিতারা’, ‘নমাঝি’-র দাম পড়বে ২ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকছেন তারা।
শীতলপাটির বয়ান পদ্ধতির আন্তর্জাতিক স্বীকৃতি পাটিকরদের জীবনে কতটা পরিবর্তন আনবে, তা নিয়ে অবশ্য ওয়াকিবহাল নন রাজনগরের এই শিল্পীরা।
জাতীয় জাদুঘরে মঙ্গলবার সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি প্রদর্শনীর উদ্বোধনের পর অতিথিদের নিয়ে তা ঘুরে দেখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: দীপু মালাকার
জাতীয় জাদুঘরে মঙ্গলবার সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।ছবি: দীপু মালাকার
আরতি রানী দাশ ও অজিত দাশের সঙ্গে কথা বলে জানা গেল, কিছুদিন আগেও রাজনগরের নানা গ্রামে প্রায় ১২০টি পরিবার শুধু শীতলপাটি বুনে সংসার চালাত। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ব্যস্তানুপাতিক হারে কমে গেছে শীতলপাটির চাহিদা। তাই এখন শিল্পী পরিবারের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী এই শিল্পটি ধুঁকছে।
