কম্বোডিয়ার রাজার সঙ্গে হাসিনার সাক্ষাৎ
বাংলাদেশের সঙ্গে কম্বোডিয়ার বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন দেশটির রাজা নরোদম সিহামনি।
কম্বোডিয়া সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে নম পেনের রাজ প্রাসাদে রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “বিদ্যমান পারস্পরিক সম্পর্কে সন্তোষ প্রকাশের পাশাপাশি আগামী দিনগুলোতে দু’দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন রাজা।”
সাক্ষাতের সময় রাজা ও প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানান তিনি।
তিন দিনের সরকারি সফরে এখন কম্বোডিয়ায় রয়েছেন শেখ হাসিনা।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পিস প্যালেসে’ থেকেই সফরসঙ্গীদের নিয়ে রাজ প্রাসাদে যান প্রধানমন্ত্রী।
বর্তমান রাজার বাবার সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্কের কথা তুলে ধরে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের বলেন, ১৯৭৩ সালে আলজিয়ার্সে ন্যাম সামিটের সময় বর্তমান রাজার বাবার সঙ্গে বঙ্গবন্ধুর দেখা হয়েছিল।
“কাজেই সম্পর্কটাও খুব গভীর। আজকে দেখা করার সময় সেই সম্পর্কের কথা আবার উঠল।”
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের সমবর্তী দায়িত্বপ্রাপ্ত সাঈদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।
মত বিনিময় শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আসেন কম্বোডিয়ার ন্যাশনাল অ্যাসেম্বেলির প্রেসিডেন্ট হেং শামরিন।
এরপর কম্বোডিয়ার সিনেটের প্রেসডিন্ট ছে চুম এর সঙ্গে সিনেট হাউজে বৈঠক করেন শেখ হাসিনা। সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সৌজন্যে পিস প্যালেসে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজ ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন শেখ হাসিনা।
