১৮ কোটি টাকার বিদেশি কাপড় জব্দ
বাগেরহাটের শরণখোলা থানার কটকা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৮ কোটি টাকার বিদেশি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ডের একটি টহল দল।
জব্দ করা কাপড়ের মধ্যে রয়েছে ২১ হাজার ১৬৬ টি শাড়ি, ২০২টি লেহেঙ্গা এবং ৭৭৭টি শাল ও চাদর।
কোস্টগার্ড সদর পরিদপ্তরের মিডিয়া উইংয়ের কর্মকর্তা (এলএস) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ভোর ৪টার দিকে এসব কাপড় জব্দ করা হয়।
“ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকায় করে কাপড়গুলো নিয়ে চোরাকারবারীরা অনুপ্রবেশের চেষ্টা করছিল। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালানোর চেষ্টা করলে তাড়া করে নৌকাটি আটক করা হয়।”
জব্দ করা কাড়গুলোর আনুমানিক বাজার মূল্য ১৭ কোটি ৭৫ লাখ ১৩ হাজার টাকা বলে জানান তিনি।
কাপড় ও নৌকা খুলনা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
