২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মনিরুলকে ‘এন্টি টেররিজমে’ বদলি

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলে কর্মস্থল পরিবর্তন ঘটেছে কাউন্টার টেররিজম ইউনিটের দায়িত্বে থাকা ডিআইজি মনিরুল ইসলামের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 09:44 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুলের হাত দিয়েই ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট যাত্রা শুরু করেছিল।

সোমবারের রদবদলে মনিরুলকে এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সন্ত্রাস ও জঙ্গি দমনে ‘এন্টি টেররিজম ইউনিট’ নামে পুলিশের ইউনিটটি মাসখানেক আগে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকা মহানগর পুলিশের ইউনিট হিসেবে কাউন্টার টেররিজম ইউনিট জঙ্গি দমনে তৎপর ছিল। ঢাকার বাইরে বিভিন্ন অভিযানেও তারা কাজ করছিল।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মনিরুলসহ ১৫ জন ডিআইজির বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়।

সদ্য পদোন্নতি পাওয়া চারজন অতিরিক্ত আইজিপিকে পদায়নের প্রজ্ঞাপনও হয় একইসঙ্গে।

Image
মনিরুল ইসলাম

মনিরুল ইসলাম

অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে এন্টি টেররিজম ইউনিটে পদায়ন করা হয়েছে। ফলে সেখানে তিনি ডিআইজি মনিরুলের ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন।

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া আবদুস সালামকে পুলিশে সদর দপ্তরে ট্রেনিং অ্যান্ড রিসার্চ (টিআর), মো. মহসিন হোসেনকে পুলিশ সদর দপ্তরে, মীর শহীদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হযেছে।

ডিআইজিদের মধ্যে ঢাকায় কর্মরত এনএসআইর পরিচালক মেজবাহ উদ্দিনকে ঢাকার ট্রেনিং অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এর ডিআইজি (কমান্ড্যান্ট) হিসেবে বদলি করা হয়েছে।

র‌্যাবে পরিচালক হিসেবে কর্মরত সেলিম মো. জাহাঙ্গীরকে ঢাকার এনএসআইয়ের পরিচালক করা হয়েছে।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. লুৎফর রহমান মণ্ডলকে ঢাকা সিআইডির ডিআইজি করা হয়। 

টাঙ্গাইলের পিটিসিতে কর্মরত ড. হাসান উল হায়দারকে রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরে ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ঢাকার রেঞ্চের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

Image
পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তর

র‌্যাবের পরিচালক মো. শাহাবুদ্দিন খানকে ঢাকার শিল্প পুলিশের দায়িত্ব দেওয়া হয়।

ডিআইজি পদে পদোন্নতি পাওয়া মোর্শেদুল আনোয়ার খানকে ঢাকার টিঅ্যান্ডআইএমের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া এ এফ এম মাসুম রব্বানীকে ঢাকা এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া  মো. হারুন উর রশিদকে ঢাকার টিএন্ডআইএমের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়।

মীর রেজাউল আলমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

মোহাম্মদ আলী মিয়াকে ঢাকার এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

দেবদাস ভট্টাচার্য্যকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে আর খন্দকার লুৎফুল কবিরকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুরনো খবর:

সন্ত্রাস দমনে পুলিশের নতুন ইউনিট