‘হোল্ডিং ট্যাক্স নিয়ে অমানবিক হবেন না’
হোল্ডিং ট্যাক্স নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদের খোকনের কাছ থেকে মানবিক আচরণ আশা করেছেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকার বাড়ি মালিকরা।
‘হোল্ডিং ট্যাক্স বাড়ানোর’ প্রতিবাদে মঙ্গলবার ৫১ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় ও আলোচনা সভায় তারা এই আহ্বান জানান।
মোজাম্মেল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাজী ইউসুফ আলী।
কাজী ইউসুফ বলেন, “হোল্ডিং ট্যাক্স নিয়ে আমরা বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা কোনো অমানবিক আচরণ মেনে নেব না।
“দক্ষিণ সিটি করপোরেশনের সব কাউন্সিলর এবং ওয়ার্ডের বাড়ির মালিকদের নিয়ে কমিটি করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিৎ ছিল।”
পরে তিনি ইঞ্জিয়ার লুৎফর রহমানকে আহ্বায়ক করে ৫১ নম্বর ওয়ার্ডের কমিটি ঘোষণা করেন।
কমিটিতে যুগ্ন আহ্বায়ক হিসেবে রয়েছেন মোজাম্মেল হক মাস্টার, কাওসার আহমেদ,কাজী ওয়াজেদ আলী দাদন, এরশাদুল্লাহ ছবি, মো. নাজিমুদ্দিন।
সদস্য সচিব হিসেবে রয়েছে কাজী আনিসুর রহমান, ক্বারী ওবায়দুল্লাহ, মুক্তিযোদ্ধা আ. রহিম, কাজী শাহাবুদ্দিন, সাইফুল ইসলাম সাইফ, সেলিম হায়াদ। এছাড়া ওয়ার্ডের সব বাড়ির মালিক কমিটির সদস্য হিসেবে থাকবেন।
সদস্য সচিব কাজী আনিসুর রহমান মেয়রের উদ্দেশ্যে বলেন, “আমরা আশা করি আপনি আমাদের দাবি মেনে কর কমিয়ে দেবেন। অন্যথায় আমরা আন্দোলনে যেতে বাধ্য হবো।”
সভায় জানানো হয়, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর বিকালে দোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা হবে। ওই সভার পর বাড়ি মালিকদের পক্ষ থেকে মেয়রের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে।
