২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানারাত শিক্ষার্থী খুনে জড়িত সন্দেহে যুবক গ্রেপ্তার

রাজধানীর বাড্ডায় মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম আহমেদ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 04:17 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

Image
নাসিম আহমেদ (ফাইল ছবি)

নাসিম আহমেদ (ফাইল ছবি)

গ্রেপ্তার মো. আসিফের (২১) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার ভোরে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গুলশান বিভাগের পুলিশের উপ-কমিশনার মো. মোস্তাক আহমেদ।

গত ৬ নভেম্বর বাড্ডার পোস্ট অফিস গলিতে দুর্বৃত্তের ছুরিতে গুরুতর আহত হন নাসিম আহমেদ। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা মোস্তাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসিফ ওই ঘটনায় করা মামলায় এক নম্বর আসামি। তার হেফাজত থেকে রক্ত মাখা একটি চাকু উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ক্রিকেটের খেলা নিয়ে বাজি ধরায় বাধা দেওয়ায় নাসিম হত্যা করা হয় বলে অভিযোগ করেছিল তার পরিবার।

তবে আসিফকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাসিম ঘটনার আগের দিন ৫ নভেম্বর আসিফকে অন্য বিষয় নিয়ে চড় মেরেছিল।

তাই পরদিন নাসিমকে ছুরি মেরে পালিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছে গ্রেপ্তার আসিফ।