২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ: অভিযোগ আমলে নিয়ে পাকিস্তানি সেনা শহীদুল্লাহকে জামিন

পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে যুদ্ধাপরাধের আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 04:40 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

একইসঙ্গে তিনমাস ধরে কারাগারে থাকা শহীদুল্লাহকে শর্তসাপেক্ষে জামিনও দেওয়া হয়েছে।

মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

আগামী ১১ ডিসেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন রেখেছে ট্রাইব্যুনাল। 

আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও আবুল কালাম।

২০১০ সালে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর শহীদুল্লাহই প্রথম সেনা কর্মকর্তা, যিনি বিচারের মুখোমুখি হলেন। ৭৫ বছর বয়সী শহীদুল্লাহর বাড়ি কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামে।

আইনজীবী মাসুদ রানা বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাস্থ্যগত কারণে শর্ত সাপেক্ষে আদালত শহীদুল্লাহকে জামিন দিয়েছে। বিচার চলাকালে তিনি জামিনে থাকবেন।

“শর্ত হচ্ছে- দুই লাখ টাকার জামিননামা (বন্ড) দিতে হবে, পাসপোর্ট থাকলে তা জমা দিতে হবে, ঢাকায় নিকটাত্মীয় ও আইনজীবীর জিম্মায় অবস্থান করতে হবে, গণমাধ্যমে কথা বলা যাবে না, আদালতের আদেশে হাজির থাকতে হবে।”

এর আগে গত ৩১ অক্টোবর শহীদুল্লাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি ক্যাপ্টেন শহীদুল্লাহর বিরুদ্ধে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট-অগ্নিসংযোগ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের তিন ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে।

মুক্তিযুদ্ধের সময় দাউদকান্দি এলাকাতে তিনি যুদ্ধাপরাধ ঘটান বলে তদন্তকারীদের ভাষ্য।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ শুরু হলে ঢাকা সেনানিবাসে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে যোগ দেন শহীদুল্লাহ। পরে তিনি কুমিল্লা সেনানিবাসে যোগ দিয়ে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে দাউদকান্দি সদরে ক্যাম্প স্থাপন করেন।

২০১৫ সালের ১১ অক্টোবর শহীদুল্লাহর অভিযোগের তদন্ত শুরু হয়। প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল গত বছর ২ অগাস্ট তার  বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই দিনই কুমিল্লা জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এ মামলার তদন্ত প্রতিবেদনে মোট ১৯ জনকে সাক্ষী করা হয়েছে। এছাড়া জব্দ তালিকার সাক্ষী করা হয়েছে আরও তিনজনকে।

তিন অভিযোগ

অভিযোগ ১: একাত্তরের ৭ জুন বিকালে মুহাম্মদ শহীদুল্লাহ পাকিস্তানি বাহিনীর ৮/১০ জন সদস্যসহ দাউদকান্দি বাজারে হামলা চালিয়ে হোমিও চিকিৎসক হাবিবুর রহমানকে আটক করেন। পাকিস্তানি ক্যাম্পে নিয়ে নির্যাতনের পর দাউদকান্দি ফেরিঘাটের পাশের গোমতি নদীতে নিয়ে তাকে হত্যা করা হয়। পরে লাশ ফেলে দেওয়া হয় নদীতে।

অভিযোগ ২: একাত্তরের ১৬ জুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহীদুল্লাহ পাকিস্তানি বাহিনীর ৪০/৫০ জন সদস্যকে নিয়ে দাউদকান্দির উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি ও গোলাপেরচর গ্রামে হামলা চালান। তারা স্বাধীনতার পক্ষের ২০ জনকে আটক করেন এবং পাঁচটি বাড়ির মালামাল লুট করে আগুন ধরিয়ে দেন।

আটকদের মধ্যে ছয়জনকে ছেড়ে দিয়ে বাকি ১৪ জনকে দাউদকান্দি সেনা ক্যাম্পে নেওয়ার পথে গোলাপেরচর টেকে লাইনে দাঁড় করানো হয়। সেখান থেকে একজনকে বের করে গোমতী নদীর পাশে নিয়ে গুলি করে লাশ নদীতে ফেলে দেন শহীদুল্লাহ। পরে অন্যদের ক্যাম্পে এনে নির্যাতনের পর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে খবর দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগ ৩: একাত্তরের ২১ জুলাই শহীদুল্লাহ পাকিস্তানি বাহিনীর সদস্যদের নিয়ে দাউদকান্দি বাজারে হামলা চালান। সেখান থেকে কালামিয়া নামে এক গাড়ি চালককে ধরে নির্যাতন চালানো হয়। পরে কালামিয়াকে চান্দিনা থানার চান্দিনা হাসাপাতালের পিছনে নিয়ে গুলি করে হত্যার পর লাশ খালে ফেলে দেন শহীদুল্লাহ।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার নিষ্পত্তির পর এ পর্যন্ত ছয়জনের ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে। এরা সবাই রাজনীতিক; তাদের পাঁচজনই জামায়াতে ইসলামীর নেতা, একজন বিএনপি নেতা। এছাড়া আর যারা দণ্ডিত, তারাও মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী বা মুসলিম লীগে ছিলেন।

একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি নিধন শুরুর পর প্রতিরোধ যুদ্ধে বাঙালি অনেক সেনা সদস্য যুক্ত হয়েছিলেন। তবে পাকিস্তানেও আটকা পড়েন অনেক সেনা কর্মকর্তা।

বেসামরিক রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর পাশাপাশি বাঙালি সেনা সদস্যদের কেউ কেউ সে সময় পাকিস্তানি সেনাবাহিনীর হয়ে স্বজাতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন।

পুরনো খবর:

যুদ্ধাপরাধ: পাকিস্তানি সেনা শহীদুল্লাহর বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত