মুদ্রা ও সোনাসহ গ্রেপ্তার মোহাম্মদ আলীর বিরুদ্ধে দুদকের মামলা
তিন বছর আগে রাজধানীর পল্টনের একটি ফ্ল্যাট থেকে পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা ও সোনাসহ গ্রেপ্তার মোহাম্মদ আলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সোমবার দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ রমনা থানায় মামলা করেন বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
তিনি বলেন, শেখ মোহাম্মদ আলী ওরফে এস কে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ৪০ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগে মামলাটি করা হয়েছে।
মামলায় দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান প্রণব।
২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুরানা পল্টনের ২৯/১ নম্বর বাড়ির সাত তলায় মোহাম্মদ আলীর বাসায় অভিযান চালিয়ে মোট ৮ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা সমপরিমান পাঁচ বস্তা দেশি-বিদেশি মুদ্রা ও ত্রিশ কোটি টাকা মূল্যের দেড় মণ সোনা জব্দ করে শুল্ক বিভাগ ও পুলিশের গোয়েন্দারা।
গত বছরের ১২ জুলাই সম্পদ বিবরণী দাখিলের জন্য মোহাম্মদ আলীকে নোটিস দেয় দুদক। এরপর তিনি একই বছরের ৩১ অগাস্ট সম্পদ বিবরণী দাখিল করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি মোহাম্মদ আলী দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে ৩০ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৬২৩ টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করেন ।
কিন্তু দুদকের অনুসন্ধানে তার গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত ৪০ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়।
এসব সম্পদের মধ্যে রাজউকের পূর্বাচল প্রকল্পে ৩০ লাখ টাকার ১০ কাঠা জমি, সিলেট শহরে ৯৫ লাখ ১১ হাজার ৩৭৫ টাকা মূল্যের ছয়তলা বাড়ি, ৬১ দশমিক ৫৩৮ কেজি স্বর্ণ, যার মূল্য ৩০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা, সৌদি রিয়াল তিন কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা ও দেশি মুদ্রায় পাঁচ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদসহ মোট ৭১ কোটি ৭০ লাখ ৭৭ হাজার ৯৯৮ টাকার সম্পদ পায় দুদক।
এসব সম্পদের মধ্যে ৪০ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত, যা তার অবৈধ সম্পদ বলে এজাহারে বলা হয়।
