২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্বাসে ১০টি সোনার বার লুকিয়ে আনার সময় ধরা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর  অন্তর্বাসের ভেতরে লুকানো অবস্থায় ১০টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 06:31 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

সোমবার বেলা ১১টার দিকে ওই যাত্রীকে সোনার বারসহ  আটক করা হয় বলে  শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আটক বিমানযাত্রী আব্দুল মোনায়েম চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা। তার কাছে পাওয়া সোনার মোট ওজন ১ কেজি ১৬০ গ্রাম, এর বাজার মূল্য ৫৮ লাখ টাকা।

মইনুল খান বলেন, মোনায়েম চট্টগ্রাম থেকে এসেছিলেন। অভ্যন্তরীণ আগমনি পয়েন্ট পার হওয়ার পরে তাকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দারা।

বিমানের ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। শুল্ক গোয়েন্দাদের ধারণা, আকাশপথে মাস্কাট থেকে আগত কোনো যাত্রীর থেকে এই স্বর্ণ হস্তান্তর হয়েছে।

মোনায়েমকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় পুলিশের হাতে তুলে দিয়েছেন শুল্ক গোয়েন্দারা।