শিশু সাহিত্যিক আখতার হুসেনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান
শিশু সাহিত্যিক আখতার হুসেনের চিকিৎসার জন্য ৩২ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলা একাডেমি পুরস্কারজয়ী এই সাহিত্যিক ২০১৫ সাল থেকে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সারে ভুগছেন।
প্রধানমন্ত্রী সোমবার দুপুরে তার কার্যালয়ে আখতার হুসেনের হাতে এই চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, চেক নিয়ে আখতার হুসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন বলেও জানান ইহসানুল করিম।
আখতার হুসেনের চিকিৎসার জন্য এর আগেও প্রধানমন্ত্রী তিন লাখ টাকা দিয়েছিলেন।
৫৫ জন লেখকের গল্প নিয়ে প্রকাশিত গল্প সংকলন ‘জনকের মুখ’ সম্পাদনা করেছেন আখতার হুসেন।
চেক গ্রহণের অনুষ্ঠানে বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আখতার হুসেন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।
এদিন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন দেন এই দুই মন্ত্রণালয়ের মন্ত্রী।
ইহসানুল করিম জানান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং প্রতিমন্ত্রী জাহিদ মালিক স্বপন ৭ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকার চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তার মন্ত্রনালয়ের পক্ষে ৪১ লাখ টাকার চেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেন।
