সরকার ‘রাজনৈতিক আচরণ’ দেখাবে, আশা বিএনপির
সোহরাওয়ার্দী উদ্যানে রোববারের জনসভা ‘সফল’ করতে সরকারের ‘সহযোগিতা’ প্রত্যাশা করছে বিএনপি।
দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে আমরা সরকারের সহযোগিতা কামনা করব। তারা যেন কোনো রকমের উস্কানিমূলক কার্যক্রম না করেন এবং আমাদেরকে সহযোগিতা করেন… আমরা সরকারের কাছ থেকে রাজনৈতিক আচরণ আশা করব।”
শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে জনসভাস্থল ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, “আমরা অন্যান্য রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতা চাইব, যাতে জনগণের মতামত আমরা নিঃসংকোচে প্রকাশ করতে পারি।”
বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের কর্মসূচির অংশ হিসেবে সোহরাওয়ার্দীর এ জনসভায় দলটির চেয়ারপারসন খালেদা জিয়ারও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে মির্জা আব্বাসের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। মাঠের কোথায় মঞ্চ নির্মাণ করা হবে- তার একটি নকশা নিয়ে মঞ্চ নির্মাতার সঙ্গে কথা বলেন তারা।
বিএনপির সমাবেশ নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যে ‘উসকানির’ ইঙ্গিত রয়েছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস।
আব্বাসসহ নেতারা জনসভাস্থল পরিদর্শনের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে জনসভা অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
দলের কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিবুল ইসলাম হাবিব, আবদুল সালাম আজাদ, মহানগর দক্ষিণের কাজী আবুল বাশার, রফিকুল ইসলাম রাসেল, সাইফুল ইসলাম পটু, উত্তররের মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, মোস্তাফিজুর রহমান ফিরোজ, যুব দলের মোরতাজুল করীম বাদরু, মামুন হাসান, নুরুল ইসলাম নয়ন, চেয়ারপারসনের প্রেস উইংযের শায়রুল কবির খানও এ সময় উপস্থিত ছিলেন।
এদিকে রাজধানীতে আরেক আলোচনা সভায় আদালতে খালেদা জিয়ার দেওয়া বিবৃতিতে ‘সরকারের বিদায়পথ’ দেখানো হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, “আজকে কেউ কেউ বলেন, বিদেশি কূটনীতিকরা কখনো কখনো আমাদের সাথে কথা বলার সময়ে একটি কথা বলেন যে, একটা কমফোর্টেবল এক্সিট ফর প্রেজেন্ট গর্ভমেন্ট অর্থাৎ শেখ হাসিনার কনফোরটেবল এক্সিট, একটা আরামদায়ক নির্ভরযোগ্য দরজা খোলা, যেটা দিয়ে তিনি (শেখ হাসিনা যেতে পারেন।
“এর উত্তর গতকালকে (বৃহস্পতিবার) আদালতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার বক্তব্যের মধ্য দিয়ে এর একটি সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। উনি বলেছেন যে, আমি শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছি। এর মধ্য দিয়ে শেখ হাসিনার জন্য মুক্তির পথ বেগম খালেদা জিয়া অলরেডি বলে দিয়েছেন।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সংগ্রামী দলের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের জিয়াউর রহমানের ভুমিকা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সংগঠনের সভানেত্রী ফারহানা জাহান নিপার সভাপতিত্বে ও জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শাহজাদা মিয়া, ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাহউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান ও বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বক্তব্য রাখেন।
