২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে সোনাসহ রক্ষী আটক

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সোনাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা রক্ষীসহ দুজনকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 11:24 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বুধবার বিকালে ৫৮০ গ্রাম সোনাসহ সিভিল এভিয়েশন নিরাপত্তাকর্মী রেজাউল করিম ও রিয়াদ ফেরত যাত্রী কুদ্দুস শিকদারকে আটক করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা রিয়াদ হতে ঢাকাগামী বিমান বাংলাদেশের ফ্লাইটে নজর রাখছিল।

“বিমান থেকে যাত্রী নামার সময় ওই যাত্রীকে (কুদ্দুস) শনাক্ত করে গোপনে অনুসরণ করতে থাকে। অনুসরণের একপর্যায়ে রিয়াদ হতে আগত যাত্রীকে ইমিগ্রেশন পয়েন্টে শুল্ক গোয়েন্দা জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, বিমানবন্দরে কর্মরত রেজাউল নামক একজনের কাছে ৫টি স্বর্ণবার হস্তান্তর করবে।” 

তার কাছ থেকে তথ্য নিয়ে ৫ নম্বর ব্যাগেজ বেল্টের সামনে টয়লেটের ভেতর স্বর্ণ হস্তান্তরের সময় রেজাউলকে আটক করা হয় বলে মইনুল খান জানান।

কাগজ ও রবারের ফিতায় মোড়ানো সোনার বারগুলোর ওজন মোট ৫৮০ গ্রাম, যার বাজার দর প্রায় ৩০ লাখ টাকা।

বেবিচকের নিরাপত্তা গার্ড হিসেবে ২২ বছর ধরে রেজাউল কাজ করছেন।

মঙ্গলবার এই বিমানবন্দরে বিমানের নিরাপত্তা কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছিল শুল্ক গোয়েন্দারা। তার আগে বিমানের ট্রাফিক সুপারভাইজারকে সোনাসহ আটক করা হয়।