ভাস্কর আব্দুল্লাহ খালিদের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা
অপরাজেয় বাংলার ভাস্কর প্রয়াত সৈয়দ আব্দুল্লাহ খালিদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহ্সানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে তার কার্যালয়ে সৈয়দ আব্দুল্লাহ খালিদের স্ত্রী বেগম উম্মে কুলসুমের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপরাজেয় বাংলার জন্য বিশেষভাবে পরিচিত ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ গত ২০ মে ৭৫ বছর বয়সে মারা যান।
মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম প্রতীকে পরিণত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের ‘অপরাজেয় বাংলা’ ছাড়াও বাংলাদেশ টেলিভিশন কেন্দ্রের সামনের ম্যুরাল ‘আবহমান বাংলা’ এবং বাংলাদেশ ব্যাংকের সামনের টেরাকোটার ভাস্কর্যও তার তৈরি। তার কাজের মধ্যে রয়েছে ‘অঙ্কুর’, ‘অঙ্গীকার’, ‘ডলফিন’ এবং ‘মা ও শিশু’।
এছাড়াও প্রধানমন্ত্রী শহীদ দেলোয়ার হোসেনের ভাই কাজী বজলুর রহমান কাছে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর ফুলবাড়িয়ায় ছাত্রদের একটি মিছিলে পুলিশ একটি ট্রাক উঠিয়ে দিলে ছাত্রলীগ নেতা এইচএম ইব্রাহিম সেলিম ও দেলোয়ার হোসেন নিহত হন।
স্বৈরাচারী এরশাদের শাসনামলে উপজেলা নির্বাচনে সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্র সংগ্রাম পরিষদ এই কর্মসূচি পালন করছিল।
