সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হাই কোর্টের নির্দেশ
এখতিয়ারের বাইরে মামলা ছাড়া এক ব্যসায়ীকে নিজ কর্যালয়ে হাজির হওয়ার নোটিস দেওয়ায় সিআইডি সাতক্ষীরা অঞ্চলে দায়িত্বরত পুলিশ পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের জন্য পুলিশ মহাপরিদর্শককে (আইজি) নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আদালতের তলবে রোববার হাজির হয়ে মেসবাহ উদ্দিন ওই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থণার পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ এ আদেশ দেয়।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা এলাকার আব্দুস সামাদ গাজীর করা রিট আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।
আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. উজ্জল হোসেন। পুলিশ পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
পুলিশ পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিন সকালে হাই কোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত আবেদন দিয়ে নিঃশর্ত ক্ষমা চান।
আবেদনে বলা হয়, ‘এটা ভুল বোঝাবুঝি। অনিচ্ছাকৃত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাই।’
রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. উজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, “আদালত এ বক্তব্যকে স্বীকারোক্তিমূলক জবাবনবন্দী হিসেবে গ্রহণ করে আদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজি) নির্দেশ দিয়েছেন আদালত।”
ব্যবসায়ী সামাদ গাজীকে গত ২৩ অগাস্ট একটি নোটিস দেন সিআইডি পুলিশ পরিদর্শক মেসবাহ উদ্দিন। ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারা অনুযায়ী দেওয়া নোটিসে ২৯ অগাস্ট তাকে হাজির হতে বলা হয়।
নোটিসে বলা হয়, ‘বাদী সাতক্ষীরার পলাশপোল এলাকার আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী (মিন্টু চৌধুরী) কর্তৃক আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিধায় আপনাকে নিম্ন সাক্ষরকারীর অফিসে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হইল।’
সামাদ গাজী নোটিস চ্যালেঞ্জ করে রিট করলে গত ২৪ অক্টোবর হাই কোর্ট এক আদেশে ওই পুলিশ পরিদর্শককে তলব ও রুল জারি করে।
