মা-ছেলে খুন: গ্রেপ্তার বাবাকে ১০ দিন রিমান্ডে চায় পুলিশ
রাজধানীর কাকরাইলে মা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ব্যবসায়ী আবদুল করিম ও তার তৃতীয় স্ত্রী শারমিন আক্তারকে মুক্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চাইবে পুলিশ।
হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার বিকালে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে তাদের আসামি করে মামলা দায়ের করেন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হাতে আটক থাকা দুই আসামিকে তাতে গ্রেপ্তার দেখানো হয়।
রমনা থানার ওসি কাজী মাইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দুজনকে দশ দিনের পুলিশ হেফাজত চেয়ে শুক্রবার আদালতে পাঠানো হবে।
এ মামলায় মুক্তার ভাই আল আমিন জনিকেও আসামি করা হয়েছে; তাকেও গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাইনুল।
কাকরাইলে রাজমনি প্রেক্ষাগৃহের পশ্চিম দিকে রাজমনি কার সেন্টার ও বায়রা ডাটাবেইজ প্রতিষ্ঠানের মাঝের গলিতে একটি বাড়ির পঞ্চম তলায় বুধবার সন্ধ্যায় খুন হন শামসুন্নাহার ও তার ছেলে সাজ্জাদুল করিম শাওন। শামসুন্নাহারের বড় দুই ছেলে বিদেশে থাকেন।
মুন্সীগঞ্জের শামসুন্নাহার ব্যবসায়ী করিমের প্রথম স্ত্রী। করিমের দ্বিতীয় স্ত্রী ফরিদার সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি চার বছর আগে মুক্তাকে বিয়ে করেন বলে পুলিশ জানায়।
করিম গ্রোসারি ব্যবসা ছাড়াও এফডিসিকেন্দ্রিক চলচ্চিত্রের প্রযোজনা ও পরিচালনায় যুক্ত বলে পুলিশ জানিয়েছে।
পারিবারিক শত্রুতার কারণে শামসুন্নাহার ও তার ছেলে শাওনকে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন আশরাফ আলী। তিনি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করেছেন।
