২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে প্রিন্স বাজারসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণসহ বেশ কিছু অভিযোগে রাজধানীর শ্যামলী রিং রোডে সুপার শপ প্রিন্স বাজারসহ চারটি প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। 

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 08:37 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

বৃহস্পতিবার এসব প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কাঁচা ও রান্না করা মাংস খোলা অবস্থায় সংরক্ষণ করা, ব্যবহৃত তেল ফ্রিজে রাখা,  ঢাকনাবিহীন ডাস্টবিন কন্টেইনার, কিচেন টাইলসের উপর ভাত রাখা, লাইসেন্স না থাকা, লেবেলবিহীন পাউরুটি রাখা, কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকাসহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম অজিয়র রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুপুরে একই ভবনে অবস্থিত ‘প্রিন্স বাজার’ ও এর অঙ্গ প্রতিষ্ঠান ‘গ্রান্ড প্রিন্স থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট’ ও ‘প্রিন্স চিকেন’এ অভিযান চালায়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানগুলোকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান অজিয়র রহমান।

পরে রিংরোডে ‘বি-৭ রেস্তোরা ও পার্টি সেন্টার’ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অজিয়র রহমান জানান, একই অভিযোগে এই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।