২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূতের ‘ব্যাগ চোর’ এবার ধরা বিদেশি নাট্যশিল্পীর ব্যাগ চুরিতে

ঢাকায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মঞ্চ থেকে নরওয়ের এক নাট্যশিল্পীর চুরি যাওয়া ব্যাগসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 07:42 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

পুরনো খবর:

রাষ্ট্রদূতের মোবাইল-আইপ্যাড বসুন্ধরায় বেচেও দিয়েছিল চোর

মো. রুবেল (২৬) নামে ওই যুবককে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে ব্যাগটিসহ গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার খন্দকার আরাফাত লেনিন জানিয়েছেন।

তিনি জানান, এই রুবেল গত বছরের ২১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগ চুরির পর ধরা পড়েছিলেন।

তখন পুলিশের হাতে গ্রেপ্তার রুবেল পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন।

গত ২৬ অক্টোবর জাতীয় নাট্যশালার মূলমঞ্চে একটি নাটকের মহড়ায় অংশ নিয়েছিলেন নরওয়ে থেকে আসা অতিথি নাট্যশিল্পীরা।

Image
উদ্ধার ব্যাগ ও ভেতরের সামগ্রী তুলে দেওয়া হয় নরওয়ের নাট্যকর্মীর হাতে

উদ্ধার ব্যাগ ও ভেতরের সামগ্রী তুলে দেওয়া হয় নরওয়ের নাট্যকর্মীর হাতে

তখন রুবেল এক বিদেশি শিল্পীর কালো ব্যাগটি নিয়ে কৌশলে সটকে পড়েছিলেন বলে জানান গোয়েন্দা কর্মকর্তা লেনিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাগের মধ্যে চুরি যাওয়া ল্যাপটপ, পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রও উদ্ধার করা হয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে এক অনুষ্ঠান থেকে তখন রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার

ব্যাগ চুরি যাওয়ার দুদিন পর রুবেলকে গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ তখন বলেছিল, রুবেল একজন গাড়িচালক। রাষ্ট্রদূতের ব্যাগ চুরির পর গ্রেপ্তার এড়াতে নিজের দাড়ি কেটে চেহারায় পরিবর্তনও এনেছিল রুবেল।