রাষ্ট্রদূতের মোবাইল-আইপ্যাড বসুন্ধরায় বেচেও দিয়েছিল চোর
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিটা কুলেনারার চুরি যাওয়া হাতব্যাগ থেকে দুটি মোবাইল ফোন ও একটি আইপ্যাড রাজধানীর বসুন্ধরা শপিং মলে বেচে দেওয়া হয়েছিল বলে সেগুলো উদ্ধারের পর জানিয়েছে পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভেতরে এক অনুষ্ঠান থেকে সোমবার ওই ব্যাগ চুরি যাওয়ার দুদিন পর বুধবার সেগুলো উদ্ধারের পাশাপাশি চোরসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ বলছে, এদের মধ্যে চোর সন্দেহে গ্রেপ্তার রুবেল একজন গাড়ি চালক। ঘটনার পর নিজের দাঁড়ি কেটে চেহারায় পরিবর্তন আনতে চেয়েছিল। শাওন নামে গ্রেপ্তার অপরজন বসুন্ধরা শপিং মলের এক দোকান কর্মচারী।
বুধবার সকাল ৯টায় রুবেলকে রাজধানীর শনির আখড়া থেকে গোয়েন্দরা গ্রেপ্তার করে বলে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে বসুন্ধরা শপিংমলের ব্লক-বি এর লেভেল ৫ এর ৪৫ নম্বর দোকান থেকে শাওনকে গ্রেপ্তার করা হয়।
রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, “ওই শপিংমলের আইটাচ ও আরজে কমিউনিকেশন নামের দুটি দোকানে ব্যাগে থাকা দুটি মোবাইল ও একটি আইপ্যাড বিক্রি করে ১০ হাজার টাকা আনে। বাকি টাকা মোবাইল বিক্রির পর দোকানের কর্মচারী শাওন দেবে বলে কথা হয়েছিল।
“ব্যাগটি চুরির পর মোবাইল রেখে ওরা ব্যাগটি বসুন্ধরা শপিংমলের উপর থেকে ফেলে দেয়। সেখানে পাসপোর্ট ও কিছু টাকাও ছিল। শপিং মলের সিকিউরিটি ব্যাগটি পেয়ে এক ঘণ্টা মাইকিংও করেছিল। তবে ব্যাগের মালিকানা কেউ দাবি করেননি।”
কাউন্টার ফটোর আলোকচিত্র বিভাগের চার বছরপূর্তি উপলক্ষে চারুকলা অনুষদের ভেতরের উন্মুক্ত স্থানে প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে চোরের কাছে ব্যাগ খোয়ান নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত।
ওই অনুষ্ঠানের সময় ধারণ করা ভিডিও চিত্র দেখে সন্দেহভাজন এক তরুণকে শনাক্ত করা কথাও জানিয়েছিলেন শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক।
পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ব্যাগ উদ্ধারের খবর জানানোর পর দূতাবাসের ফেইসবুক পেইজ থেকে এই ছবি পোস্ট করে পুলিশ ও সরকারকে ধন্যবাদ দেওয়া হয়।
“ওরা খুব চতুর। খুব স্মার্টলি তারা মোবাইল, ব্যাগ চুরি করে। ওইদিনের অনুষ্ঠানে রাষ্ট্রদূত যাওয়ার পর রুবেল যখন দেখে তিনি স্টেজের দিকে ব্যাগ রেখে যাচ্ছেন, রুবেল তার ব্যাগ হাতে নিয়ে পাশে গিয়ে দাঁড়ায়।
“দাঁড়ানোর মুডটা এমন- উনি কোনো প্রশ্ন করলে বলবে আপনার ব্যাগ রেখে উঠেছেন, তাই সেটা হাতে নিয়ে আপনার কাছে দাঁড়িয়েছি।”
বাতেন বলেন, “এভাবে রুবেল যখন দেখলো ব্যাগ হাতে নেওয়ার পর তাকে কেউ কোনো প্রশ্ন করছেন না, তখন এক সময়ে ওইদিন সে ব্যাগ নিয়ে কেটে পড়ে।”
আগেও রুবেল বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মোবাইল ও ব্যাগ চুরি করে বসুন্ধরা শপিং মলের একই লোকের কাছে বিক্রি করেছে বলে প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানান ওই গোয়েন্দা কর্মকর্তা।
তিনি বলেন, “তাদের সঙ্গে আরো লোকজন আছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।”
বসুন্ধরা শপিং মল এলাকাকে ‘সফিসটিকেটেড’ আখ্যায়িত করে আপাতত দোকান কর্মচারী শাওনকে গ্রেপ্তার করে আনা হয়েছে জানান গোয়েন্দা কর্মর্কর্তা বাতেন।
“ওই এলাকাটি সফিসটিকেটেড। সমস্ত দোকান বন্ধ করে অভিযান চালালে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে একজনকে গ্রেপ্তার করে আনা হয়েছে। অন্য কোনো দোকানের কেউ তাদের সঙ্গে জড়িত কিনা সেটাও তদন্ত করে দেখা হবে।”
এদিকে ‘মূল্যবান জিনিস ও নথিপত্র’সহ ব্যাগটি দুদিনের মধ্যে উদ্ধার করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিপ্লোমেটিক পুলিশ ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছে ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস।
দূতাবাসের ফেইসবুক পেইজ থেকে এক পোস্টে এই ধন্যবাদ দেওয়া হয়।
ব্যাগ ও উদ্ধার মোবাইল প্রয়োজনীয় আইন মেনে রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন।
