মহেশখালীর এসআইকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তলব
যুদ্ধাপরাধের এক মামলায় তদন্তে অবহেলার ব্যাখ্যা জানতে মহেশখালী থানার উপ-পরিদর্শক জহিরুল হককে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আগামী ২৬ নভেম্বর তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। একই কারণে কক্সবাজারের পুলিশ সুপার ও মহেশখালী থানার ওসির কাছেও ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। একই সময়ের মধ্যে তাদের লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে মহেশখালীর এক মামলায় ১৮ আসামির মধ্য এক আসামির মৃত্যু হলেও তাকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দেওয়ায় তদন্তকারী ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয় প্রসিকিউশনের পক্ষ থেকে।
আবেদনের আড়াই মাস পর সোমবার এ আদেশ দিল চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম নেতৃত্বাধীন তিন বিচারকের ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।
পরে রানা দাশগুপ্ত বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “মৃত ব্যক্তিকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দেওয়ায় ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
“ওই আবেদনের শুনানি নিয়ে গত ১৩ জুলাই ট্রাইব্যুনাল পরে আদেশ দেওয়া হবে বলে বিষয়টি রেখে দেয়। একইসঙ্গে পিছিয়ে যায় এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানিও। সে আদেশটিই ট্রাইব্যুনাল আজ দিয়েছে।”
আগামী ২৬ নভেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হতে পারে বলে জানান প্রসিকিউটর রানা দাশগুপ্ত।
এর আগে যুদ্ধাপরাধের অপর একটি মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে ট্রাইব্যুনালে প্রতিবেদন দেওয়ায় ময়মনসিংহের পুলিশ সুপারকে তলব করেছিল ট্রাইব্যুনাল।
পরে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির তাকে তাকে এর ব্যাখ্যা দিতে হয়েছিল।
যুদ্ধাপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালীর ১৮ জনের বিরুদ্ধে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পরে ট্রাইব্যুনাল ২৫ মে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে।
নির্ধারিত দিনে অভিযোগ গঠনের শুনানি শুরু হলে আসামিপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান জানান, ১৮ আসামির মধ্যে মৌলভী আব্দুল মজিদ মারা গেছেন।
তখন ট্রাইব্যুনাল প্রসিকিউশনের কাছে জানতে চায় এ বিষয়ে কোনো নথি আছে কি না?
আইনজীবী সাত্তার পরে খোঁজ নিয়ে জানান, আসামি আব্দুল মজিদ মাস্টার ২০১৬ সালের ২২ ডিসেম্বর মারা গেছেন। মৃত্যুর পর পারিবারিক কবরস্থানে তাকে দাফনও করা হয়েছে।
পরে আসামির মৃত্যুর খবরের সত্যতা যাচাই করতে এ মামলার তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম মহেশখালী থানার ওসি বরাবর প্রতিবেদন চেয়ে চিঠি দেয়।
এরপর গত ৫ জুলাই পুলিশ আসামির মৃত্যুর খবরটি সত্য বলে প্রতিবেদন দাখিল করে।
প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, “একজন আসামির মৃত্যু হয়েছে ডিসেম্বর মাসে, কিন্তু দুই মাস পরেও আসামিকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ ঘটনায় তদন্তে পুলিশের গাফলতির বিষয়টি প্রকাশ পেয়েছে।
“এ ধরনের প্রতিবেদনে বিচারিক কাজে বিভ্রান্তির সৃষ্টি হয়। আমরা ট্রাইব্যুনালের কাছে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন করেছিলাম। এসব দায়সারা কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১১ (৪) ধারা অনুযায়ী কর্তব্য কাজে অবহেলার জন্য শাস্তির বিধান রয়েছে বলেও জানান তিনি।
হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্মান্তরিত ও দেশান্তরসহ মানবতাবিরোধী ১৩টি অভিযোগ আনা হয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে।
মামলার অন্য আসামিরা হলেন- মৌলভী জকরিয়া শিকদার (৭৮), মো. রশিদ মিয়া বিএ (৮৩), অলি আহমদ (৫৮), মো. জালাল উদ্দিন (৬৩), মোলভী নুরুল ইসলাম (৬১), মোহাম্মদ সাইফুল ইসলাম সাবুল (৬৩), মমতাজ আহম্মদ (৬০), হাবিবুর রহমান (৭০), মোলভী আমজাদ আলী (৭০), মৌলভী আব্দুল মজিদ (৮৫), বাদশা মিয়া (৭৩), ওসমান গণি (৬১), আব্দুল শুক্কুর (৬৫), মোলভী সামসুদ্দোহা (৮২), মো. জাকারিয়া (৫৮), মো. জিন্নাহ ওরফে জিন্নাত আলী (৫৮), মোলভী জালাল (৭৫) ও আব্দুল আজিজ (৬৮)।
মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. নূরুল ইসলাম ২০১৪ সালের ১২ মে তদন্ত শুরু করেন। তদন্ত শেষ হয় ২০১৫ সালের ৮ অক্টোবর।
তাদের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে মোট ঘটনা ১৩টি। এর মধ্যে ৯৪টি হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও অগ্নি সংযোগের অপরাধ রয়েছে। মামলায় মোট ১শ ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।
