রাষ্ট্রপতির সঙ্গে শ্রীলঙ্কার দূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার ইয়াসোজা গুনাসেকেরা।
সোমবার বিকালে বিদায়ী দূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিরাজমান সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।”
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, এ সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয়ই আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে একই মনোভাব পোষণ করে এবং একে অপরকে সমর্থন করে।
তিনি বাংলাদেশে সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য বিদায়ী হাই কমিশনারকে ধন্যবাদ জানান।
বিদায়ী দূত এসময় বলেন, শ্রীল্ঙ্কা সবসময় বাংলাদেশের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয়। তিনি দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
