পেটে শিশু রেখে সেলাই: কুমিল্লার সেই চিকিৎসককে হাই কোর্টে তলব
জমজ সন্তানের একটিকে পেটে রেখে অস্ত্রোপচার শেষ করার ঘটনায় কুমিল্লার সংশ্লিষ্ট চিকিৎসককে তলব করেছে হাই কোর্ট।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ স্বতপ্রেণোদিত হয়ে এ আদেশ দেয়।
গৌরীপুরের ‘লাইফ হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’র মালিক, অস্ত্রোপচারকারী চিকিৎসক শেখ হোসনে আরার সঙ্গে কুমিল্লার সভিল সার্জনকেও আগামী ৭ নভেম্বর আদালতে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে হবে।
সরকারি মালিগাঁও হাসপাতালের সহকারী সার্জন হোসনে আরা তার ব্যক্তিগত প্রতিষ্ঠান ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ খাদিজা আক্তার (১৮) নামে এক প্রসূতির যমজ সন্তানের একজনকে ভূমিষ্ঠ করিয়ে আরেকজনকে পেটে রেখেই অস্ত্রোপচার সেলাই করেন বলে গণমাধ্যমে খবর আসে।
খাদিজার মা আমেনা বেগমের অভিযোগ, গত ১৮ সেপ্টেম্বর হোসনে আরা ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ তার মেয়ের অস্ত্রোপচার করেন। তার গর্ভে দুটি সন্তান থাকলেও অস্ত্রোপচার করে তিনি একটি সন্তান ভূমিষ্ঠ করান; আরেকটি সন্তানকে টিউমার বলে অপারেশনের কাজ শেষ করেন।
এরপর আমেনা এক মাস ধরে খাদিজাকে নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে ছুটোছুটি করেন।
পরে হোমনার একটি ক্লিনিকে আলট্রাসনোগ্রাম করলে চিকিৎসক জানান, খাদিজার পেটে টিউমার না, আরেকটি সন্তান রয়েছে। পরে তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এদিকে ঘটনাটি প্রকাশের পর দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. জালাল হোসেন চিকিৎসক হোসনে আরাকে কারণ দর্শানোর নোটিস পাঠান। গঠন করেন তিন সদস্যের তদন্ত কমিটি।
প্রাথমিক তদন্তের পর ‘লাইফ হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি’ সিলগালা করে দেওয়ার কথা সিভিল সার্জন মুজিবুর রহমান ইতোপূর্বে জানিয়েছিলেন।
