মোবাইল চোর সন্দেহে কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
নরসিংদীর শিবপুরে মোবাইল ফোন চুরির সন্দেহে এক কিশোরীকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মুমূর্ষু অবস্থায় নরসিংদী থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর শনিবার ভোর ৫টার দিকে আজিজা খাতুন নামে ১৩ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয় বরে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মেয়েটির শরীরের ৯৪ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে কীভাবে পুড়েছে তা জানতে হলে পরীক্ষা করতে হবে।”
শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের খৈনকুট গ্রামের পোল্ট্রি শ্রমিক আবদুস সাত্তারের মেয়ে আজিজা খৈনকুট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ত।
তার চাচি বিউটি বেগমই ‘লোক লাগিয়ে গায়ে আগুন দিয়েছে’ বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন মেয়েটির বাবা।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছুদিন আগে বিউটি বেগমের মোবাইল ফোন হারিয়ে গেলে তিনি আজিজাকে সন্দেহ করেন এবং ‘পুড়িয়ে মারার হুমকি’ দেন বলে সাত্তারের অভিযোগ।
“তিনি বলছেন, কাল বিউটির লোকজন আজিজাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়।”
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে তিন-চারজন যুবক এসে আজিজাকে জোর করে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। তখন থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
রাত ৯টার দিকে বাড়ির কাছে একটি কাঁঠাল বাগানে চিৎকার শুনে স্বজনরা সেখানে গেলে আজিজাকে হাত-পা বাঁধা ও ঝলসানো অবস্থায় পাওয়া যায়। পরে তাকে পাঠানো হয় ঢাকায়।
আবদুস সাত্তার ঢাকা মেডিকেলে সাংবাদিকদের বলেন, মৃত্যুর আগে আজিজা তাকে বলেছে, ‘তার চাচির ভাইয়েরাই’ এ ঘটনা ঘটিয়েছে।
শিবপুর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘটনাস্থল থেকে পেট্রোলের একটি বোতল উদ্ধার করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
