চীন, ভারত ও রাশিয়াকে দিয়ে মিয়ানমারকে চাপ দিন: বি চৌধুরী
রোহিঙ্গা সমস্যার সমাধানে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় না গিয়ে চীন, ভারত ও রাশিয়াকে দিয়ে তাদের চাপ দেওয়ার লক্ষ্যে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রোহিঙ্গা সমস্যা: আন্তর্জাতিক কূটনীতি ও বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বি চৌধুরী বলেন, “রোহিঙ্গা সমস্যা সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে দায়িত্ব নিতে হবে। যদি দায়িত্ব না নিতে পারেন সেটা অন্য কথা, তবে তাও স্বীকার করবেন, বলবেন আমি পারব না। কিন্তু আমি জানি আপনি সেই লোক নন। আপনার সেই ক্ষমতা আছে। মাঝে মাঝে দেখি আপনি অনেক বড় বড় ক্ষমতা প্রয়োগ করেন।
“এই ক্ষেত্রেও আপনি ক্ষমতা প্রয়োগ করেন, আমরা আপনার পিছনে থাকব। যদি না প্রয়োগ করেন, তাহলে একটা ব্যর্থতার দায় নিয়ে চলে যাবেন সেটা ঠিক না। বঙ্গবন্ধুর কন্যা কেন ব্যর্থ হবেন?”
মিয়ানমারের অস্ত্রের মূল যোগানদাতা চীন, রাশিয়া ও ভারতের কথা মেনে মিয়ানমার কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।
এই তিন দেশ মিয়ানমারের পেছনের ‘তিনটি বড় খুঁটি’ মন্তব্য করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, “এই খুঁটিদের ধরতে হবে। খুঁটিদের মধ্যে চাপ সৃষ্টি করতে হবে। যুদ্ধ করে হবে না, দ্বিপাক্ষিক আলোচনা করে হবে না। ইতিহাস তাই বলে। তারা বন্দুক ও যুদ্ধ বিমান দেওয়া বন্ধ করলে মিয়ানমার দুর্বল হবে।”
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ভারতে আশ্রয় নিয়েছিলাম তখন ভারত আমাদের অনুপ্রবেশকারী বলেনি। ভারত আমাদের আশ্রয়প্রার্থী বলেছে, এটা জাতিসংঘের সংজ্ঞা। অত্যাচারিত হয় যদি মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে যায় তখন জাতিসংঘ তাদের আশ্রয়প্রার্থী বলে। রোহিঙ্গা কোনো অনুপ্রবেশকারী নয়, তারা আশ্রয়প্রার্থী। এটা সরকারকে সংশোধন করতে হবে।”
আলোচনায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মিয়ানমার সফরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আরসার কার্যক্রম সম্পর্কে খবরা-খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
“মানে গোয়েন্দার কাজ, চরের কাজ করতে বলেছে তারা। আমরা আরসার খবর দিব কীভাবে? তাহলে কি ধরেই নিতে হবে বাংলাদেশে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গার সঙ্গে আরসার অনেক লোক আছে? মিয়ানমারের এই অনুরোধে বাংলাদেশ সরকার কী বলেছে তা আমরা জানি না।
“আমাদের দেশে আরসার লোক যদি ঢুকে থাকে তাহলে বাংলাদেশ সরকার আরসার ব্যাপারে কোন কাজ করেছে? উলফার ব্যাপারে যখন ওনারা অনুরোধ করেছিলেন তখন আপনারা সহযোগিতার সর্বাংশ উজাড় করে দিয়েছিলেন। এখনও সেই কাজ সেই প্রস্তাব, এবং তাতে আপনাদের বক্তব্য বিষয়টা... কোনো কিছু বলেননি।”
আদর্শ নাগরিক আন্দোলনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান।
