উচ্চগতির ইন্টারনেট: অভিযোগের দুই মাস পর দুঃখ প্রকাশ আইএসপিএবি’র
দেশের ২৬০০ ইউনিয়নে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে একটি প্রকল্পের কাজ দুটি কোম্পানিকে দেওয়ার উদ্যোগে অনিয়মের অভিযোগ তোলার দুই মাস পর বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার এক বৈঠকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান এইএসপিএবি’র প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে, বিদ্যমান নীতিমালা যথাযথভাবে অনুসরণ করেই ইনফো-সরকার প্রকল্পের তৃতীয় পর্যায়ের কাজ বাস্তবায়ন করা হবে।
‘এনটিটিএন’ প্রতিষ্ঠানগুলো শুধু তাদের লাইসেন্স- এর আওতাধীন কাজ বাস্তবায়ন করবে এবং একইভাবে ‘আইএসপি’ প্রতিষ্ঠান তাদের লাইসেন্সে বর্ণিত নির্ধারিত কাজ বাস্তবায়ন করবে বলে জানান চেয়ারম্যান।
বৈঠকে উপস্থিত বিটিআরসি’র চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলেচানা পর এ বিষয়ে আর কোনো ‘ভুল বোঝাবুঝির অবকাশ নেই’ বলে আইএসপি’র প্রতিনিধিরা মত প্রকাশ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
“আইএসপিএবি’র প্রতিনিধিরা মনে করেন, মূলত পারস্পরিক যোগাযোগ ও ভাষাগত বিভ্রাটের কারণে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। কার্যকর পারস্পরিক যোগাযোগের মাধ্যমে ভাবিষ্যতে একই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি এড়ানো সম্ভব।”
গত অগাস্ট মাসে সংগঠনটি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিল, গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা দেওয়ার কার্যাদেশ আইএসপিকে না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে দুটি এনটিটিএনকে (নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক) দেওয়ার প্রস্তাবে ‘মারাত্মক ঝুঁকিতে’ পড়তে যাচ্ছে এ খাত।
তবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের দাবি করেছিল, অনিয়মের অভিযোগ সঠিক নয়, এ নিয়ে বিভ্রান্তিরও সুযোগ নেই।
গতবছর ২৩ ডিসেম্বর একনেকের অনুমোদন পাওয়া ‘ইনফো সরকার-৩’ প্রকল্পের আওতায় সরকার ২০১৮ সালের মধ্যে ২ হাজার ৬০০ ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে ফাইবার অপটিক ব্রডব্যান্ড নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নিয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে (বিসিসি); ব্যয় ধরা হয়েছে মোট এক হাজার ৯৯৯ কোটি টাকা।
আইএসপিএবি জানায়, “একটি মহল এ বিষয়টি অতিরঞ্জিত করে বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছিল মর্মে প্রতীয়মাণ হয়েছে। উক্ত কার্যক্রমের তাদের এ্যাসোসিয়েশনের কোন সম্পৃক্ততা নেই। তথাপিও উদ্ভুত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য এইএসপিএবি দুঃখ প্রকাশ করছে।”
