২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কটের দ্বিপক্ষীয় সমাধান চায় চীন

রোহিঙ্গা সঙ্কট নিয়ে মিয়ানমারে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে আসা চীন বাংলাদেশকে দ্বিপক্ষীয়ভাবে এই সমস্যার সমাধান করতে বলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 09:40 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

এশিয়া বিষয়ক বেইজিংয়ের বিশেষ দূত সান গোয়াজিয়াং বুধবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব মো. শহিদুল হকের সঙ্গে সাক্ষাতে তার দেশের এই অবস্থান জানান।

বৈঠকের পর শহীদুল হক বলেন, সঙ্কটের সমাধানে চীনের সহায়তা চেয়েছিলেন তারা।

“চীনও উদ্বিগ্ন। তারা মনে করে, এটা এই অঞ্চলের জন্য ভালো নয়। তারা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চায়। তারা দ্বিপক্ষীয়ভাবে এর সমাধান চায়,” এক প্রশ্নের জবাবে বলেন তিনি।

রোহিঙ্গা সঙ্কটের অবসানে মিয়ানমারের দীর্ঘদিনের মিত্র চীনের ভূমিকা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দেশটি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে বরাবরই মিয়ানমারে পক্ষে থাকছে।

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইনে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে বিদ্রোহীদের হামলার পর জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গাদের বিরুদ্ধে নতুন করে দমন অভিযান শুরু হয়। সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে এরইমধ্যে প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

পালিয়ে আসা রোহিঙ্গারা বলেছেন, রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে মানুষ হত্যার পাশাপাশি বাড়ি-ঘরে আগুন ও ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছে।

রোহিঙ্গাদের ওপর এই অভিযানকে ‘জাতিগত নিধনের’ চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। জাতিসংঘের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ নির্যাতন বন্ধে কয়েক দফা আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার কর্তৃপক্ষ।

এই প্রেক্ষাপটে গত সপ্তাহে মিয়ানমারের সেনা প্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সব ধরনের আমন্ত্রণ স্থগিত করে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রও মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে বিবেচনা করছে।

তবে মিয়ানমারে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না তাদের ঘনিষ্ঠ মিত্র দেশ চীন।

বেইজিংয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস চলাকালে গত শনিবার দলটির আন্তর্জাতিক বিভাগের উপ-প্রধান গোয়া ইয়েঝা সাংবাদিকদের বলেন, চীন ও মিয়ানমারের ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং মিয়ানমার নিজেই তার সমস্যা মোকাবেলা করতে পারে বলে চীন বিশ্বাস করে।

তিনি বলেন, চীন রাখাইনে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার নিন্দা জানায় এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মিয়ানমারের পদক্ষেপকে সমর্থন করে। 

গত এপ্রিলে বাংলাদেশ সফর করে যাওয়া চীনা কূটনীতিক সান গোয়াজিয়াংর কাছে রোহিঙ্গা সংকটের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছেন বলে জানান পররাষ্ট্র সচিব।

“আমি তাকে বলেছি, তুমি যখন শেষবার এসেছিলে তখন সংখ্যা ছিল চার লাখ, এখন তা ১০ লাখে দাঁড়িয়েছে।”

তিন দিনের মিয়ানমার সফর শেষে বুধবার ঢাকা ফেরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু করার কথা বলেছেন দেশটির নেত্রী অং সান সু চি।

তারা আসলেই ফিরতে পারবে বলে মনে করেন কি না জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, “আমরা আশাবাদী।”

পুরনো খবর:

এখনও মিয়ানমারকে সমর্থন করছে চীন