পল্লবীতে ২০টি ভবনের অবৈধ অংশ অপসারণ
পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে ২০টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক।
মঙ্গলবারের এই অভিযানে ভাঙা পড়েছে অবৈধভাবে নির্মিত বাগান থেকে শুরু করে বর্ধিত বারান্দা, ছাদ, কলাম।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমান এবং অথরাইজড অফিসার মো. মোবারক হোসেন অভিযানের নেতৃত্বে ছিলেন। অভিযানে পুলিশ ও কয়েকটি সেবাদানকারী প্রতিষ্ঠান সহায়তা করে।
রাজউক কর্মকর্তা মোবারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেসব ভবন অবৈধ দখল করে আছে কিংবা নকশার বাইরে গিয়ে স্থাপনা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে এটি একটি চলমান প্রক্রিয়া। পল্লবী এলাকায় ভবিষ্যতে আরও অভিযান চালানো হবে। ভ্রাম্যমাণ আদালতের ক্ষেত্রে কোনো ধরনের নোটিস কিংবা পূর্ব ঘোষণা দেওয়া হয়না। আজও দেওয়া হয়নি।
“যতটুকু সম্ভব অবৈধ স্থাপনা ভাঙা হয়েছে। যেটুকু ভাঙা যায়নি সেটা যাতে ওরা নিজ দায়িত্বে ভেঙে ফেলে সেজন্য মুচলেকা নেওয়া হয়েছে,” বলেন তিনি।
রাজউকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকার ব্লক ‘এইচ’ ও ব্লক ‘জে’ এর প্রায় ২০টি ভবনের সামনের রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত বাগান, র্যাম্প, বর্ধিত বারান্দা ও ছাদ, কলাম এবং নকশা বহির্ভূত স্থাপনা অপসারণ করে রাস্তার জায়গা উন্মুক্ত করা হয়েছে।
এছাড়া দুইটি ভবনের গাড়ি পার্কিংয়ে নির্মিত দুইটি অবৈধ কক্ষও অপসারণ করা হয়।
