২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: দুই ছিনতাইকারীর স্বীকারোক্তি

ঢাকার টিকাটুলিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র খন্দকার আবু তালহা খুনে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে দুই ছিনতাইকারীভ

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2017, 09:41 PM

Updated : 12 Apr 2022, 12:32 AM

বুধবার ছিনতাইকারী বেলাল হোসেন সবুজ ও আব্দুর রহমান মিলনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাদের জবানবন্দি নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার এসআই মো. হারুন।

আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শেখ রকিবুর রহমান জানান, মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী ও হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর খাস কামরায় তারা ওই ছিনতাইয়ের ঘটনা এবং তালহাকে ছুরি মারার কথা জানায়।

এছাড়াও তারা তাদের চক্রের বেশ কয়েকজনের নামও জানিয়েছে।

জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মঙ্গলবার রাতে সবুজ ও মিলনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত তালহা (২২) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন।

গত ৮ অক্টোবর সকালে ওয়ারীর বাসা থেকে রিকশায় করে যাত্রাবাড়ী যাচ্ছিলেন তালহা। বাসার কাছেই তিনি ছিনতাইকারীর কবলে পড়েন।

ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনা দেখে তার বাবাকে খবর দেয় এবং তিনি ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

পুরনো খবর:

ঢাকায় ছিনতাইকারীর ছুরিতে বিশ্ববিদ্যালয় ছাত্র খুন