২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী জাগরণে ‘অন্তরায়’ গার্হস্থ্যের পাঠ্যবই

অষ্টম শ্রেণীর গার্হস্থ্য অর্থনীতি বইয়ে মেয়েদের নিজেদের রক্ষা করার যে কৌশল উল্লেখ করা হয়েছে, তাকে নারী জাগরণে অন্তরায় মনে করছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2017, 12:11 AM

Updated : 12 Apr 2022, 12:30 AM

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দুঃখের বিষয়, বর্তমানে আমাদের পাঠ্যক্রমে যে পরিবর্তন হচ্ছে তা আমাদের কন্যাশিশুদের জাগরণের বিরোধে যাচ্ছে, তাদের অগ্রগতিকে ব্যাহত করছে।

“কোন সাহসে আমরা বলি, যখন কোনো ছেলে রাস্তায় তোমাকে উত্যক্ত করবে, তখন তুমি কিছু বলবে না, চুপ করে থাকবে, সাবধানে থাকবে, ভালো কাপড় পরবে। এর মানে কী?”

যৌন উত্তেজনার কারণে নয়, বরং পুরুষের মানসিকতার কারণেই ধর্ষণ হয় বলে মন্তব্য করেন শীপা হাফিজা।

তিনি বলেন, “আমাদের দেশে ৮/১০ মাসের শিশু ধর্ষিত হয়। ও কী কাপড় পরে ছিল? ৭০ বছরের নারী ধর্ষিত হয়, উনি কী কাপড় পরেন?”

সম্প্রতি পাস হওয়া ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’ এর বিশেষ প্রেক্ষাপটের সমালোচনা করে শীপা বলেন, “সেখানে বয়সের কথা বলা হয়নি। তাহলে কি বিশেষ পরিস্থিতিতে যে কোনো শিশুকে বিবাহবন্ধনে আবদ্ধ করা যাবে? ৫ মাস, ১০ মাস, ৫ বছরের শিশুকে কি বাল্য বিয়ে দিয়ে দেওয়া যাবে?”

বাল্য বিয়ে নিরোধ আইনের বিশেষ প্রেক্ষাপট ১/২ ভাগের জন্য করা হলেও তা সারা দেশের সব মেয়েশিশুকে বিপদগ্রস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

মানসিক কাঠামোয় বড় ধরনের অসুবিধা রয়ে গেছে বলেই বাল্যবিয়েসহ নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলোজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম।

“পাঠ্যপুস্তকে যদি লেখা থাকে যে তুমি মেয়ে তাই তুমি মুখ বন্ধ করে রাখো। তাহলে কীভাবে আমরা তাদের মানসিক কাঠামোয় পরিবর্তন আনব?”

৩ থেকে ৪ বছর বয়সী ছেলেশিশুদের নিয়ে কাজ করে তাদের মানসিক কাঠামোতে পরিবর্তন আনার পক্ষপাতী তিনি।

“হয়তে তার মাকে শ্রদ্ধা করছে না বাবা। এটা দেখে সে শিখছে। সেকারণেই তার বোন এবং তার বোনের সমতুল্যদের শ্রদ্ধা করতে করতে যেন সে বড় হয় সে শিক্ষা তাকে দিতে হবে।”

বাংলাদেশের গণমাধ্যমকে নেতিবাচক সংবাদ প্রচারের পরিবর্তে ইতিবাচক সংবাদ প্রচারের আহবান জানিয়ে এ অধ্যাপক বলেন, “কেন আমরা ধর্ষণের এত খবর দিচ্ছি? নেগেটিভ নিউজের মাধ্যমে আমরা তাদের ইচ্ছাকে জাগ্রত করছি না তো?”

ব্র্যাক, এসিড সারভাইভার্স ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ান হাই কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাল্য বিবাহ নিরোধ আইনের বিষয়ে সাংসদ মমতাজ বেগম বলেন, “আমাদের আইন করা উচিত বুঝে শুনে এবং অনেক কিছু চিন্তা করে।

“আমি শুধু সংসদে না এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথেও কথা বলেছি। আমাদের প্রতিটি জেলায় ইউএনওদেরও বাল্য বিয়ে হচ্ছে কিনা এবং কোথাও বাল্য বিয়ে হলে তা বন্ধ করার নির্দেশও দেওয়া আছে।”

অনুষ্ঠানে বাল্যবিযে বন্ধ করার জন্য সাহসী অবদান রাখায় এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের শামীমা আক্তার, আমিনা খাতুন নীলা, লিলিমা খাতুন, হাঙ্গার প্রজেক্টের শাবানা আক্তার, ঘাস ফড়িং সংগঠনের পক্ষে তুলি দেবনাথ ও ব্র্যাকের মুক্তা আক্তার মৌকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মুক্তা আক্তার মৌ জানান, বাবা-মা না থাকায় মামা মামী অল্প বয়সেই তার বিয়ে ঠিক করে। এটা জানার পর তিনি ভেঙে না পড়ে বিদ্যালয়ের শিক্ষক ও স্টুডেন্ট ওয়াচ গ্রুপের সাথে আলোচনা করে এবং তাদের সাহায্য নিয়ে প্রতিবাদ করেন।

অনুষ্ঠানে দশম শ্রেণীর ছাত্রী শাবানা আক্তার নিজের বুদ্ধিতে ‘ন্যাড়া’ হয়ে নিজের বাল্যবিয়ে বন্ধের গল্প শোনান।

ব্র্যাক জেন্ডার এন্ড ডাইভার্সিটি, সামাজিক ক্ষমতায়ন ও সমন্বিত কর্মসূচির পরিচালক আন্না মিনজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার স্যালি অ্যান ভিনসেন্ট।