ফুটবলার অমলেশের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য অমলেশ সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আবাহনীর সহকারী কোচের দায়িত্বে থাকা অমলেশ শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়,“স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য, আবাহনীর সাবেক অধিনায়ক ও বর্তমান সহকারী কোচ অমলেশ সেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।”
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সারথী এই ফুটবলার ১৯৯৮ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”
১৯৪৩ সালের ২ মার্চ বগুড়ায় জন্ম নেন অমলেশ। ১৯৬২ সালে ফায়ার সার্ভিসের হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে তার যাত্রা শুরু হয়। এরপর যোগ দেন ইস্ট এন্ড ক্লাবে। ১৯৭০ সালে নাম লেখান ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে অমলেশ যোগ দেন আবাহনীতে। ১৯৮৪ সাল পর্যন্ত আবাহনীতে খেলা এই ফুটবলারের নামই হয়ে যায় ‘আবাহনীর অমলেশ’। পরে বিভিন্ন দফায় কোচ হিসেবে তিনি আবাহনীর সঙ্গে ছিলেন।
গত মৌসুমে জর্জ কোটান আবাহনীর দায়িত্ব নিলে সহকারী কোচ হন অমলেশ। চলতি মৌসুমেও কাজ করছিলেন দ্রাগো মামিচের সহকারী হিসেবে।
প্রধানমন্ত্রী জাতীয় ফুটবল দলের প্রয়াত এই সদস্যের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
