২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্ট কর্মকর্তাদের সাক্ষাৎ

ছুটিতে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে তার বাসভবনে গিয়ে দেখা করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2017, 04:33 PM

Updated : 19 Aug 2022, 05:42 PM

শুক্রবার সকালে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনে যান।

পরে আরও কয়েকজন কর্মকর্তা সেখানে যান বলে নাম প্রকাশে অনিচ্ছুক সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে ঘণ্টাখানেক ছিলেন বলে খবর এসেছে। তবে কোনো কর্মকর্তা এ বিষয়ে মুখ খুলতে চাননি।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা বিচারপতি সিনহার চাকরির মেয়াদ রয়েছে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার থেকে তিনি একমাসের ছুটিতে যাওয়ায় রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির কার্যভার দিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে। 

বিএনপি অভিযোগ তুলেছে, ওই রায়ের কারণেই চাপ দিয়ে প্রধান বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছে সরকার।

অন্যদিকে রাষ্ট্রপতির কাছে লেখা প্রধান বিচারপতির ছুটির আবেদনে অসুস্থতার কথা লেখা থাকার বিষয়টি দেখিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বুধবার বলেছেন, এই ছুটির সঙ্গে রায়ের কোনো সম্পর্ক নেই, চাপেরও কোনো বিষয় নেই।