‘নদী রক্ষার উদ্যোগে বাধা ভোটের রাজনীতি’
নদী রক্ষায় বাংলাদেশে সুনির্দিষ্ট কোনো আইন ও নীতিমালা না থাকায় রাজনৈতিক ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান নদী হত্যা করছে; সরকারের কাঠামোগত দুর্বলতাকে কাজে লাগিয়ে নদী রক্ষার উদ্যোগকে বাধাগ্রস্ত করছে রাজনৈতিক কর্মীরা, যার মূলে রয়েছে ভোটের রাজনীতি।
বৃহস্পতিবার ‘নদীর অধিকার-নদীতে অধিকার’ বিষয়ক এক সংলাপে এমন বক্তব্য উঠে আসে নদী বিষয়ক নীতি-নির্ধারক, বিশেষজ্ঞ ও গবেষকদের কাছ থেকে। একশনএইড বাংলাদেশ সিরডাপ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে।
বক্তারা বলেন, সরকারের প্রতিষ্ঠানগুলো অত্যন্ত দুর্বল হওয়ায় নদী রক্ষায় আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে কার্যকর উদ্যোগ নিতে পারছে না বাংলাদেশ, যার খেসারত দিচ্ছে এদেশের মানুষ।।
বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, “নদী নিয়ে আমাদের সরকারের কোনো সুনির্দিষ্ট নীতি নেই। নেই কোনো আইন।
“হাইকোর্টের রায় আছে নদী রক্ষার্থে। কিন্তু সরকার ও প্রভাবশালীরা সেটা মানছে না। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরা চাইছে না নদী রক্ষা করতে। সরকারের দুর্বলতার কারণে রাজনৈতিক কর্মীরা নদী রক্ষায় বাধা দিচ্ছে।”
বাংলাদেশে কয়েকশ নীতি থাকলেও কোনো নদী নীতিমালা নেই বলে আক্ষেপ করেন নদী বিষয়ক আইন বিশেষজ্ঞ হাসনাত কাইয়ূম।
“নদী নিয়ে কোনো নীতিমালা নেই। বিষয়টি অদ্ভুত। ফলে নদীকে যে যার মত করে হত্যা করছে।”
ভোটের রাজনীতির কারণে জনপ্রতিনিধিরা অনেক সময় নদী রক্ষায় প্রতিবাদ করতে পারে না বলে স্বীকার করেন সংসদ সদস্য টিপু সুলতান।
জাতীয় নদী কমিশন দুর্বল বলে হতাশা প্রকাশ করেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন মুরশিদ।
তিনি বলেন, “নদী ও পানির অধিকার রক্ষায় নদী কমিশন করা হয়েছে। তবে দুঃখজনক হলো, নদী কমিশন এখন একটি দুর্বল প্রতিষ্ঠান। গেল তিন মাস ধরে চেয়ারম্যান নেই। এটি একটি অসম্পূর্ণ কাঠামোর মধ্যে রয়েছে। গবেষণা ও কাজের জন্য নেই পর্যাপ্ত বাজেট।”
বাঁধগুলো নদীর জন্য ক্যান্সারের মতো বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া। তিনি বলেন, নদী নিয়ে যথাযথ পরিসংখ্যানও নেই।
“বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র বাঁচাতে নদী রক্ষা করতেই হবে। তাই শক্তিশালী করতে হবে নদী কমিশনকে।প্রয়োজন আলাদা মন্ত্রণালয়ের।”
ভারতসহ এই অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে একটা মনস্তাত্ত্বিক বৈরিতা রয়েছে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা।
তিনি বলেন, “আঞ্চলিক রাজনীতির কারণেও নদী নির্যাতিত হচ্ছে। আমি ব্যারেজের বিরুদ্ধে। ফারাক্কা ভেঙে দেওয়ার পক্ষে। আমরা যদি নদীকে চলাচলের জন্য উন্মুক্ত করতে পারি, তাহলে সমস্যার অনেকাংশেই সমাধান হবে।”
অনুষ্ঠানে পানি ও নদী অধিকার রক্ষায় কিছু সুপারিশ তুলে ধরে একশনএইড বাংলাদেশ।
এর মধ্যে রয়েছে- নদীর জন্য আইন ও নীতিমালা তৈরি; নদীসহ সকল জলাধারে নির্মিত পরিবেশ-প্রতিবেশের ক্ষতিকর স্লুইস গেইট, বাঁধ ও অন্যান্য কৃত্রিম স্থাপনা অপসারণ; পানি সংক্রান্ত যেকোনো দ্বিপক্ষীয় বা আঞ্চলিক আলোচনার বিষয়ে জনগণকে জানার সুযোগ দেওয়া; জাতীয় নদী রক্ষা কমিশনকে আরো শক্তিশালী করা।
