উদ্বিগ্ন যারা, উদ্বেগ তাদেরই তৈরি: অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়া নিয়ে ‘যারা’ উদ্বেগ প্রকাশ করেছেন, সেই উদ্বেগ তারা নিজেরাই তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্রধান বিচারপতির ছুটি নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাহবুবে আলম বুধবার এ মন্তব্য করেন।
নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “এগুলো উদ্বেগ তারা নিজেরা নিজেরাই তৈরি করেছেন। আমাদের আইনজীবীদের দেখতে হবে- আদালত ঠিকমত চলছে কিনা। আদালতের কার্যক্রম ঠিকমত হচ্ছে। কাজেই এখানে উদ্বেগের কী থাকবে?”
গত অগাস্টে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর থেকেই ক্ষমতাসীনদের সমালোচনার মুখে রয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এর মধ্যেই প্রধান বিচারপতি এস কে সিনহা মঙ্গলবার থেকে এক মাসের ছুটিতে গেলে উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন এক ব্রিফিংয়ে বলেন, বিচারপতি সিনহাকে চাপ দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে বলে তারা মনে করছেন।
এদিকে বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ায় রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক মো. আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার দিয়েছেন। তার নেতৃত্বে আপিল বিভাগের কার্যক্রমও শুরু হয়েছে।
মঙ্গলবার ফুল কোর্ট সভায় আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বেঞ্চ পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি যিনি আছেন, আব্দুল ওয়াহহাব মিয়া, তিনি যদি মনে করেন বেঞ্চ রদবদল করবেন, তাহলে তিনি করতে পারেন। এটা স্বাভাবিক নিয়মে… সবসময় যেভাবে হয়, সেভাবেই হবে। এতে কোনো অসুবিধা নেই।”
বুধবারও আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ একশ মামলার নিষ্পত্তি করেছে জানিয়ে মাহবুবে আলম বলেন, “একজন বিচারপতির জন্য বিচার বিভাগ থেমে থাকে না।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো বিচারপতি ছুটিতে গেলে সেটা নিয়ে রাজনীতি করার তো কিছু নাই। আমি আগেও বলেছি, যারা রাজনীতি করছেন তারা স্বতঃপ্রণোদিত হয়ে করছেন।”
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটি রাজনৈতিক দলের ‘কব্জা হয়ে গেছে’ বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
“তারা সেই দলের নানা রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কাদের মোল্লার স্ত্রী-স্বজনদের নিয়ে বারের অডিটোরিয়াম ব্যবহার করে মিটিং করা, যু্দ্ধাপরাধের মামলার বিপক্ষে অবস্থান নেওয়া কি কোনো সুস্থ মানসিকতার লক্ষণ? এটাতো তারা করেছেন!’
প্রধান বিচারপতির শারীরিক অবস্থা জেনেছেন কিনা- এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, “এটাতো আমার দায়িত্ব না। প্রধান বিচারপতি কোথায় থাকবেন, কোথায় আছেন সেটা তো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আদালতের মামলা করা। এ বিষয়ে যারা বেশি উৎসাহী তারা খুঁজে দেখুক।”
এক সাংবাদিক এ সময় বলেন, “আইনজীবী সমিতির সভাপতি বলেছেন, প্রধান বিচারপতি কোথায় তা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাই যদি না জানেন, তাহলে অন্য কারও পক্ষে জানা সম্ভব কিনা।”
উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি সকাল ৯টায় কোর্টে আসি। প্রায়ই রাত ৯টা পর্যন্ত আমাকে থাকতে হয়। আমি তো কারো দারোয়ান না। কে কোথায় আছে না আছে বা আজকে কোন বিচারপতি আসলেন বা কোথায় গেলেন- এই খোঁজ খবর নেওয়ার দায়িত্বতো আমার না।”
এদিকে আইনজীবী সমিতির সভাতি জয়নুল আবেদীন সমিতির কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “আমি এ বারের সভাপতি। সাধারণ আইনজীবীরা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। দলীয় ভিত্তিতে কার্যক্রম পরিচালিত করার জন্য নয়।”
ছুটি নিয়ে সংশয়ের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “প্রধান বিচারপতি ক্যানসারের রোগী এটা সরকার গতকাল বলেছেন। আমরা এ বিষয়ে কোনো সার্টিফিকেট পাইনি। এমনকি প্রধান বিচারপতির কোনো বক্তব্যও পাইনি।”
প্রধান বিচাপতিকে বাধ্য করা হয়েছে- এমন বক্তব্য কীসের ভিত্তিতে জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন, “যেখানে প্রধান বিচারপতি আমাদের (অবকাশের পর বিচারকদের সঙ্গে আইনজীবীদের গেট টুগেদারে) দাওয়াত করে পরে কোনো কিছু না জানিয়ে চলে গিয়েছেন, এর ফলে সাধারণ আইনজীবীরা যেটা মনে করছে সেটাই আমরা আপনাদের কাছে প্রকাশ করেছি।”
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “রাষ্ট্রের অবস্থা আমিতো বলতে পারবো না। আমি এখানকার (সুপ্রিম কোর্টের) অবস্থা জানি। এখানে আইনজীবীদের মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রধান বিচারপতি আমাদর দাওয়াত করে চলে গিয়েছেন। এ রকম ঘটনা অতিতে ঘটেনি।”
