২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে অবশ্যই বাল্যবিবাহ মুক্ত করা হবে: চুমকি

বিশ্ব শিশু দিবসে বাংলাদেশকে দ্রুত বাল্যবিবাহ মুক্ত করার অঙ্গীকার করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 09:05 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার’ প্রতিপাদ্যে সোমবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবসের উদ্বোধন করেন চুমকি।

এসময় তিনি বলেন, “শিশুদের অধিকার রক্ষায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু অভিভাবকদের অসচেতনতার কারণে অনেক ক্ষেত্রে শিশু অধিকার বেশি লঙ্ঘিত হয়। বাংলাদেশে বাল্যবিবাহের মূল কারণ হল দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা। সরকার সে দিকে লক্ষ্য রেখেই কাজ করছে।”

রোহিঙ্গা নারী ও শিশুদের সহায়তায় এগিয়ে আসতে সবাইকে আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে, যা এখন সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। রোহিঙ্গা শিশুরা এই বয়সে যে নিষ্ঠুরতা দেখেছে এবং যে রকমের মানবেতর জীবন যাপন করছে তা তাদের মানসিক বিকাশের একটি বিরাট প্রতিবন্ধকতা। রোহিঙ্গা শিশুদের সহায়তায় সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে শিশু সাহিত্যিক রফিকুল হককে ‘বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার ১৪২০ বঙ্গাব্দ’ ও শিশু সাহিত্যিক ঝর্ণা দাস পুরাকায়স্থকে ১৪২১ বঙ্গাব্দের পুরস্কার দেওয়া হয়। এছাড়াও কবি আসলাম সানিকে তার ‘প্রিয় বাংলাদেশ’ বইয়ের জন্য ‘অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার ১৪১৬ বঙ্গাব্দ’ দেওয়া হয়।

আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, ভারত, স্পেন, তুরস্ক, ইয়েমেন ও শ্রীলঙ্কার শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, ইউনিসেফ বাংলাদেশের পরিকল্পনা শাখার প্রধান কার্লোস একাস্তা ও শিশু একাডেমির পরিচালক আনজির লিটন।