২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএসে ৭৫% আতপ চাল বিক্রি হচ্ছে, দাবি খাদ্যমন্ত্রীর

খোলা বাজারে (ওএমএস) আতপ চাল দেখে ক্রেতাদের মুখ ফেরানোর খবর গণমাধ্যমে প্রকাশ পেলেও এই কর্মসূচির ৭৫ শতাংশ চাল বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 04:05 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

সচিবালয়ে সোমবার মাঠ পর্যায়ের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, ওএমএসে সারা দেশে দিনে দুই হাজার ১০৫ মেট্রিক টন আতপ চাল বরাদ্দ দেওয়া হয়, বিক্রি হয় দেড় হাজার টন।

ওএমএসের ৭৫ শতাংশ আতপ চাল বিক্রি হচ্ছে দাবি করে কামরুল বলেন, “ঢাকায় প্রতিদিন ১২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। গত বৃহস্পতিবার ৯০ টন চাল বিক্রি হয়েছে।

“আতপের কারণে ওএমএসের চাল বিক্রি হচ্ছে না এই সংবাদটা সঠিক না।”

চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পর বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১৭ সেপ্টেম্বর সারা দেশে খোলা বাজারে চাল বিক্রি শুরু করে সরকার। ঢাকা মহানগরীতে চালের সঙ্গে বিক্রি করা হচ্ছে আটা।

আগে ১৫ টাকা করে ওএমএসে চাল বিক্রি করা হলেও গত মাসে এই কর্মসূচি চালুর দিনই দাম দ্বিগুণ বাড়িয়ে ৩০ টাকা করা হয়।

ওএমএসের মাধ্যমে আগে সিদ্ধ চাল বিক্রি করা হলেও এখন ভিয়েতনাম থেকে আমদানি করা আতপ চাল বিক্রি করা হচ্ছে। ফলে অনেকেই অল্প দামেও এই চাল কিনছেন না বলে ওএমএসের ডিলাররা জানিয়েছিলেন, নানা জায়গা ঘুরেও সেই চিত্র পাওয়া যায়।

ওএমএসে আতপ চাল বিক্রির সমালোচনা এসেছে বিএনপির পক্ষ থেকেও।

গত এপ্রিলে সাত লাখ টান খাদ্যশস্য মজুদ ছিল জানিয়ে মন্ত্রী বলেন, “হাওরে অকাল বন্যা, সারা দেশে দুর্যোগ, বন্যা ও অতিবৃষ্টির কারণে আশাতীতভাবে বোরো সংগ্রহ করতে পারিনি। ক্রমান্বয়ে মজুদ একেবারে কমে গিয়েছিল।

“প্রধানমন্ত্রীর নির্দেশে টেন্ডার ও সরকারিভাবে বিদেশ থেকে চাল আমদানি করছি। মজুদ এখন স্যাটিসফিকশনে আছে, দিন দিন মজুদ বাড়বে।”

সরকারি বরাদ্দ এবং রোহিঙ্গাদের জন্য ত্রাণের সব চালই দেওয়া হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে প্রতিমাসে এক লাখ ২০/২৫ হাজার মেট্রিক টন চাল খরচ হচ্ছে। এখন কোনো রকম অসুবিধা হচ্ছে না।

পুরনো খবর:

ওএমএসে আতপ চাল দেখে মুখ ঘোরাচ্ছেন ক্রেতারা
ওএমএসের চালের দাম বেড়ে দ্বিগুণ