নবীনদের সঙ্গে মিশুন, পরামর্শ প্রবীণদের
‘যান্ত্রিক’ এই সময়ে নবীনদের সঙ্গে মিশে অভিজ্ঞতা বিনিময়ের জন্য প্রবীণদের পরামর্শ দেওয়া হয়েছে প্রবীণ দিবসের অনুষ্ঠান থেকে।
সোমবার ঢাকার উত্তরায় আবাসিক এই এলাকার ১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় এই পরামর্শ দেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) অধ্যাপক রফিকুল ইসলাম।
যৌথ পরিবার ভেঙে শহরে একক পরিবারে প্রবীণদের উপেক্ষার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এখন পৃথিবীটা অনেক যান্ত্রিক। আগে আমরা বড়দের সাথে যে ব্যবহার করতাম, এখন তা আশা করা যায় না। এখন নতুন উপসর্গ যোগ হয়েছে, বৃদ্ধাশ্রম। এখন বৃদ্ধ হলে ওখানে রেখে আসা হয়।”
এই অবস্থায় পারিবারিক আচরণে কষ্ট পেলে প্রবীণদের তা উপেক্ষা করে অপেক্ষা করার পরামর্শ দেন এই অধ্যাপক।
তরুণদের সঙ্গ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা প্রবীণ হতে না চাইলে তরুণদের সাথে মিশুন। তাদের সঙ্গ দিন। যেন আপনার অভিজ্ঞতার আলোকে তরুণরা তাদের চলার পথ বেছে নিতে পারবে।”
“যারা এ শহরতলী বা আবাসিক এলাকাটির পরিকল্পনা করেছেন, তারা কি ধরেই নিয়েছেন যে যারা এখানে বাস করবেন, তাদের কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজন নেই। এ থেকেই বোঝা যায়, যারা পরিকল্পনা করেন তারা শুধু অর্থ বোঝেন, অন্য কিছুই তারা বোঝেন না।”
১৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতি আয়োজিত এ আলোচনা সভায় সংগঠনটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত সচিব অব্দুল লতিফ মণ্ডল প্রবীণদের বই পড়ার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক কাজ করার মাধ্যমে আত্মশক্তিতে বলীয়ান হওয়ার পরামর্শ দেন।
সমিতির সভাপতি মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক জেলা জজ হুমায়ুন আলী রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. শাহাদাত আলী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক কাজী আসমা হক।
