২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র রুকুনুজ্জামান এখন স্বজনদের কাছে

দুই দিন নিখোঁজ থাকার পর উদ্ধার জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র মোহাম্মদ রুকুনুজ্জামানকে স্বজনদের কাছে দিয়েছে পুলিশ।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2017, 08:01 PM

Updated : 12 Apr 2022, 12:25 AM

ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হওয়া মেয়রকে বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাওয়া যায় বিধ্বস্ত অবস্থায়।

বৃহস্পতিবার ভোরে তাকে ঢাকায় এনে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় বলে উত্তরা (পশ্চিম) থানার ওসি আলী হোসেন খান জানান।

গোয়েন্দা পুলিশই মেয়রকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই বিকাল ৩টায় উত্তরা থানা পুলিশের কাছে হস্তান্তরের পর তাকে পরিবারের কাছে দেওয়া হয় বলে ওসি জানান।

সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রুকুনুজ্জামান ঢাকার উত্তরার ১৩ নম্বরে একটি ভাড়া বাসায় মাঝেমধ্যে থাকতেন। সোমবার সকালে ওই বাসা থেকে বেরিয়েই তিনি নিখোঁজ হন বলে জানিয়ে উত্তরা থানায় একটি জিডি করা হয়েছিল।

মেয়র নিখোঁজের বিষয়ে বুধবার সংবাদ প্রকাশের পর দুপুরে শ্রীমঙ্গলে একটি চা বাগানে তাকে পাওয়া যায়। কে বা কারা মাইক্রোবাসে করে এনে সেখানে তাকে ফেলে গিয়েছে বলে মেয়রের বরাত দিয়ে জানিয়েছেন সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বিকালে রুকুনুজ্জামানকে নিজেদের জিম্মায় পেয়েই স্বজনরা তাকে নিয়ে ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে যান বলে ওসি আলী হোসেন জানান।

সেখানে তার স্বজনরা সাংবাদিকদের জানান, উন্নত চিকিৎসার জন্য মেয়রকে  ইউনাইটেড হাসপাতালে নেবেন তারা।

পুরনো খবর:

সরিষাবাড়ির মেয়রকে পাওয়া গেল শ্রীমঙ্গলে