ফেমবোসার নবম সম্মেলন ঢাকায়
দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনের সংগঠন ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া-ফেমবোসার নবম সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে।
কাবুলে ফোরামের অষ্টম সম্মেলন থেকে ফিরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বুধবার জানান, আগামী বছর সেপ্টেম্বর এই সম্মেলন হবে।
বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কার সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবদের নিয়ে ২০১০ সালে ফেমবোসার যাত্রা শুরু হয়।
প্রাতিষ্ঠানিক ও পারস্পরিক সহযোগিতা, নির্বাচনী অভিজ্ঞতা ও কৌশল বিনিময়-এর ক্ষেত্র তৈরির লক্ষ্যে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ নির্বাচন কমিশন দক্ষিণ এশিয়ার নির্বাচন কমিশনগুলো নিয়ে একটি সংগঠন তৈরির উদ্যোগ নেয়। তারই ফলশ্রুতিতে ফেমবোসার আত্মপ্রকাশ।
দশম সংসদ নির্বাচনে যখন আন্তর্জাতিক অনেক সংস্থা ভোট পর্যবেক্ষণে আসেনি, তখন ফেমবোসাকে আমন্ত্রণ জানিয়েছিল কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসি।
বিএনপির বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে ফেমবোসা প্রতিনিধিরা ঢাকার ছয়টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেই ‘শান্তিপূর্ণ’ ভোট হয়েছে বলে মত দেয়।
এই সম্মেলনে ভোটার শিক্ষা, নির্বাচনে নারীর অংশগ্রহণের গুরুত্ব, নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, তরুণ ভোটারদের প্রত্যাশা, নির্বাচন ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের স্বায়ত্ত্বশাসন ও স্বাধীনতা, গণমাধ্যমের ভূমিকা, নির্বাচন বিষয়ে গবেষণা, সুষ্ঠু, অবাধ নির্বাচনের প্রত্যয় এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান বিষয়ে আলোচনা হয়।
