ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজ নিজ দেশের নির্বাচন কমিশনের (ইসি) সমন্বয়ে একটি ফোরাম গঠনে একমত হয়েছে সার্কভুক্ত দেশগুলো।
রোববার দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান নির্বাচন কমিশনারদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান স্বাগতিক বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
এটি 'ফোরাম অব ইলেকশন কমিশন্স অব সার্ক মেম্বারস স্টেট' নামে পরিচিত হবে বলে জানান সিইসি।
তিনি জানান, সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনের মধ্যে নির্বাচনী অভিজ্ঞতা, তথ্য ও উদ্ভাবনী কৌশল বিনিময়ের লক্ষ্যে ফোরাম আকারে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলা এবং পারস্পরিক স্থায়ী সহযোগিতার ক্ষেত্র তৈরিই এ ফোরামের লক্ষ্য।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে প্রথমবারের মতো 'মিটিং অন কো-অপারেশন অব ইলেকশন কমিশন্স ইন দি সাউথ এশিয়া রিজিওন' শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শ্রীলঙ্কা ছাড়া সার্কভুক্ত স্বাগতিক বাংলাদেশসহ আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ ও ভারতের প্রধান নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সচিব বৈঠকে উপস্থিত ছিলেন এ সভায়।
শ্রীলঙ্কায় দুর্যোগ হওয়ার কারণে সেখান প্রধান নির্বাচন কমিশনারের কোনো প্রতিনিধি যোগ দিতে পারেনি।
এ বছর ভুটানে অনুষ্ঠিত ১৬তম সার্ক সম্মেলনে ইসির একটি ফোরাম গঠনের বিষয়েও আলোচনায় উঠেছে বলে বৈঠকে জানান ভুটানের প্রধান নির্বাচন কমিশনার।
রাজধানীর একটি হোটেলে দু'দিনব্যাপি সম্মেলন শেষে শামসুল হুদা বলেন, "এ অঞ্চলের ইসি'র সমন্বয়ে ফোরাম প্রতিষ্ঠার বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। আগামী সার্ক সম্মেলনে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করা হবে।"
স্বাগতিক বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষে প্রথমবারের মতো একটি ফোরাম গঠনের প্রস্তাবনা (ড্রাফট চার্টার) সার্কভুক্ত প্রধান নির্বাচন কমিশনার ও এর সচিবালয়ের প্রধানের কাছে পাঠানো হয়।
দুদিনব্যাপি আলোচনার সুপারিশ ও পরমার্শ প্রস্তাবনায় সংযুক্ত করে সার্কভুক্ত দেশগুলোর ইসি প্রধানদের কাছে আবারো পাঠানো হবে বলে জানান সিইসি।
তিনি জানান, প্রস্তাবিত ফোরামের বিষয়ে আগামী সার্ক সম্মেলনের আগে পাকিস্তানে দ্বিতীয় দফা আলোচনা হওয়ার কথা চলছে।
ফোরামের মেয়াদ হবে দুই বছর। কমিটির চেয়ারম্যান যে দেশের নির্বাচন কমিশান থেকে নির্বাচিত হবেন সেদেশেরই কমিশন সচিব ফোরামের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৩৬ ঘ.
bdnews24