নির্বাচন পর্যবেক্ষণে ফেমবোসাকে আনার উদ্যোগ
দশম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সার্কভুক্ত নির্বাচন কমিশনকে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন পর্যবেক্ষণে ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস-সার্ককে(ফেমবোসা) ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছে নির্বাচন কমিশন।
বর্তমানে ভুটানের প্রধান নির্বাচন কমিশনার সার্কভুক্ত এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার ভুটানের সিইসিকে নির্বাচন কমিশন সচিবালয়ের এক চিঠিতে বলা হয়, নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের জন্য আগামী ৩ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আবাসন, খাবার ও পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।
ফেমবোসা সদস্যদেরও বিষয়টি অবহিত করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, সংগঠনটি ২০১০ সালে আত্মপ্রকাশ করার পর এবারই প্রথমবারের মতো তাদের আমন্ত্রণ জানানো হলো।
“বৃহস্পতিবার ফেমবোসাকে একটি চিঠি দেয়া হয়েছে। এর আগে গত ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে একদফা চিঠি দেয়া হয়। এরপর সবার কাছ থেকে সাড়া পেয়েছি আমরা। তাদের চাহিদাগুলোর জবাবও দিচ্ছি।”
ফেমবোসা প্রধান ভুটানের সিইসির আগ্রহের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাদের আরো কিছু তথ্য জানানো হয় বলে পর্যবেক্ষকদের বিষয় দেখভালের দায়িত্বে থাকা এ কর্মকর্তা জানান।
৫ জানুয়ারি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে পরদিন প্রতিনিধি দল এ বিষয়ে প্রতিবেদন দেবে বলেও চিঠিতে বলা হয়।
ইসি কর্মকর্তারা জানান, সার্কভুক্ত দেশগুলোর এ সংগঠনটি থেকে অন্তত ১৫ জনের একটি প্রতিনিধি দল আসতে পারে। তাদের অবস্থানকালে হোটেল রূপসী বাংলায় প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে।
বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কার সিইসি, নির্বাচন কমিশনার ও সচিবদের নিয়ে ২০১০ সালে ফেমবোসার যাত্রা শুরু হয়।
প্রধান বিরোধী দল বিএনপির নির্বাচন বর্জনের মধ্যেই ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের ভোট হতে চলেছে। এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১২টি দল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন।
ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কমনওয়েলথ এ নির্বাচন পর্যবেক্ষণে না আসার সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। বড়দিনের ছুটি থাকায় রাশিয়াও পর্যবেক্ষক না পাঠানোর কথা জানিয়েছে।
দেশীয় পর্যবেক্ষক ৩০ হাজার
কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষক রাখার সুযোগ না থাকায় ১৪৬ আসনের ৯০ হাজার ভোটকক্ষে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক থাকছে এবার।
ইসি কর্মকর্তারা জানান, দশম সংসদ নির্বাচনে গতবারের চেয়ে অন্তত এক লাখ দেশি পর্যবেক্ষক কম থাকছে।
কেন্দ্রভিত্তিক স্থায়ী পর্যবেক্ষক না থাকায় এ সংখ্যা কমছে বলে জানায় নির্বাচন কমিশন ও প পর্যবেক্ষকরা।
২০০৮ সাল পর্যন্ত কেন্দ্রভিত্তিক থাকলেও ২০১০ সালে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক নিয়োগের বিধান করা হয়।
ইসি কর্মকর্তারা জানান, নবম সংসদ নির্বাচনে পৌনে দুই লাখ ভোটকক্ষের বিপরীতে কেন্দ্রভিত্তিক সম পরিমাণ পর্যবেক্ষক ছিলেন। তবে এবার ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় দশম সংসদে ভোট কেন্দ্র ও কক্ষ কমে গেছে।
বর্তমানে ১৪৬টি আসনে ১৮ হাজার ১২৩টি ভোটকেন্দ্র, ৯০ হাজার ৭২৪টি ভোটকক্ষ। এর বিপরীতে প্রায় ৩০ হাজার ভ্রাম্যমাণ পর্যবেক্ষক থাকছে।
ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তারা জানান, দশম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে এ পর্যন্ত একক ও গ্রুপভিত্তিক মিলিয়ে অন্তত ৩৮টি [ইলেকশন ওয়ার্কিং গ্রুপসহ] দেশীয় সংস্থা আবেদন করেছে। এদের পর্যবেক্ষক সংখ্যা প্রায় ২৫ হাজার। ভোটের আগে পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ সম্ভব হবে।
সেইসঙ্গে জার্মানভিত্তিক সম্প্রচারমাধ্যম ডয়চে ভেলে ও ভারতীয় সাংবাদিকসহ বিদেশি পর্যবেক্ষকদের কিছু আবেদনও এসেছে বলে জানান তিনি।
নবম সংসদে ৭৫টি সংস্থার এক লাখ ৪৯ হাজার ৮৩৩ জন স্থানীয় পর্যবেক্ষক ছিলেন সারা দেশে। এর পাশাপাশি ৯ হাজার ১৪৩ জন ছিলেন একটি সংস্থার। ১৭টি দাতা দেশ ও সংস্থার বিদেশি পর্যবেক্ষক ছিলেন ৫৮৫ জন।
এবার অন্তত সোয়া এক লাখের মতো পর্যবেক্ষক নিয়োজিত থাকবেন বলে জানান ইসি কর্মকর্তারা।
এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মোহাম্মদ সাদিক বলেন, “নীতিমালা অনুযায়ী দশম সংসদে কেন্দ্রভিত্তিক স্থায়ী পর্যবেক্ষক থাকার সুযোগ নেই। সেক্ষেত্রে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক নিয়োগ করলে স্বাভাবিকভাবেই এ সংখ্যা অনেক কমে আসবে।“
তিনি জানান, ভোটের আগে নির্ধারিত সময়ে ভোটকালীন পর্যবেক্ষকদের অনুমতি, ভিসা ও অন্যান্য কার্যক্রম শেষ হবে।
ইডব্লিউজির মাত্র ১৫ হাজার
পর্যবেক্ষকদের দেশীয় ২৯টি সংস্থার সমন্বয়ে গঠিত ইলেকশন ওয়ার্কিং গ্রুপের (ইডব্লিউজি) একটি প্রতিনিধি দল মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে ইডব্লিউজির পরিচালক আবদুল আলীম বলেন, তাদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা মাঠে রয়েছেন। এ সংক্রান্ত প্রতিবেদন ইসির কাছে উপস্থাপন করা হয়েছে। নিরাপত্তা নিয়ে সংশয় জানিয়ে ১৪৬টি আসনে স্বল্পমেয়াদি পর্যবেক্ষক নিয়োগের বিষয়েও ইসির সঙ্গে আলোচনা হয়েছে।
ভ্রাম্যমাণ পর্যবেক্ষক নিয়োগের বাধ্যবাধকতা থাকায় এ নির্বাচনে আগের তুলনায় লক্ষাধিক পর্যবেক্ষক কম হতে পারে বলে মনে করেন তিনি।
“গতবার ইডব্লিউজি থেকে দেড় লক্ষাধিক নিয়োজিত ছিল। এবার ভ্রাম্যমাণ থাকায় আমরা মাত্র ১৫ হাজার নিয়োগ দিচ্ছি,” বলেন আব্দুল আলীম।
বেসরকারি সংস্থা ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ বলেন, “ভোট কেন্দ্রে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক থাকায় অপেক্ষাকৃত কম লোকবল নিয়োজিত থাকছে। এবারের নির্বাচনের অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে। যথাসময়ে পর্যবেক্ষণে যাবো আমরা।”
জোর করবে না ইসি
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নিরাপত্তা জোরদারের আশ্বাসে দেশীয় পর্যবেক্ষকরা নির্বাচনে আসবে বলে প্রত্যাশা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি বলেন, “পর্যবেক্ষণ করা যার যার ব্যাপার। আইনশৃঙ্খলা ও অবস্থার উন্নতি হলে অনেকে পর্যবেক্ষণে আসবেন। যারা আসবেন না তাদের ওপর তো জোর নেই।”
বিদ্যমান পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী- পর্যবেক্ষকদের বয়স ২৫ বছর রয়েছে। কোনোভাবেই পর্যবেক্ষকদের স্থায়ীভাবে কেন্দ্রে থাকার সুযোগ নেই; তারা ভ্রাম্যমাণ থাকবে। নিজ নির্বাচনী এলাকায় পর্যবেক্ষণের সুযোগ নেই; নিজ এলাকার বাইরে নিয়োজিত থাকতে হবে।
পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি রাজনৈতিক পরিচয়ধারীদের রাখায় নিষেধাজ্ঞা রয়েছে।
পর্যবেক্ষক নিয়ে ‘গা’ নেই ইসির
