রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ মিছিল
মিয়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠন।
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটের রাস্তায় বিক্ষোভ মিছিল করে হেফাজতের ঢাকা মহানগর শাখা, ইসলামী আন্দোলন ও অন্যান্য ইসলামী সংগঠন।
দুপুর পৌনে ২টার দিকে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হয়।
পল্টন মোড়ে পুলিশ ব্যারিকেডে রাস্তা বন্ধ থাকায় বিক্ষোভ মিছিল ঘুরে রাস্তার উত্তর অংশে অবস্থান নেয়। পরে রাস্তায় উপর নেতারকর্মীরা মিয়ানমারের নেত্রী অং সান সু চির ছবিতে জুতাপেটা করে এবং তার ছবি পুড়িয়ে দেয়।
বেলা ৩টার দিকে মিছিল ওই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
পল্টন থানার ওসি মো. মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করে। কোনো ধরনের ঝামেলা হয়নি।
