২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিবন্ধনের সুপারিশ

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিবন্ধন আগামী তিন মাসের মধ্যে শেষ করার সুপারিশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2017, 07:45 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

রাখাইনে সহিংসতার মুখে তিন সপ্তাহে চার লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এই সংখ্যা ১০ লাখে গিয়ে ঠেকতে পারে বলে জাতিসংঘের ধারণা।

আশ্রয় নেওয়া নতুন এবং দশকের পর দশক ধরে থাকা পুরনো ৪ লাখ রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করেছে সরকার।

সেইসঙ্গে ছড়িয়ে পড়া রোহিঙ্গাদের এক জায়গায় নিয়ে এসে আশ্রয়ের ব্যবস্থা করতে একটি ডেটাবেইজ তৈরির কথাও বলেছে প্রশাসন। তার অংশ হিসেবে বুথ স্থাপন করে বায়োমেট্রিক নিবন্ধনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শরণার্থী শিবিরে বায়োমেট্রিক নিবন্ধন 

এর মধ্যেই বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির বৈঠকে তিন মাসের মধ্যে রোহিঙ্গা নিবন্ধনের সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির সুপারিশও করেছে কমিটি।

বৈঠকে কমিটির সদস্যরা মত দেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হলেও মানবিক দিক বিবেচনায় তাদের অস্থায়ীভাবে আশ্রয় এবং ত্রাণ দেওয়া হচ্ছে।

Image
কুতুপালং শরণার্থী শিবিরে দীর্ঘ সাড়িতে বায়োমেট্রিক নিবন্ধনের অপেক্ষায় রোহিঙ্গারা। ছবি: মোস্তাফিজুর

কুতুপালং শরণার্থী শিবিরে দীর্ঘ সাড়িতে বায়োমেট্রিক নিবন্ধনের অপেক্ষায় রোহিঙ্গারা। ছবি: মোস্তাফিজুর

রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে মানতে নারাজ মিয়ানমার সরকার। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদের ফিরিয়ে নিতে হবে দেশটির।

সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, দেশে বন্যা কবলিত ৩৫টি জেলায় গত ৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ২৪ হাজার ৭৫০ মেট্রিক টন চাল, ৮ কোটি ৪২ লাখ নগদ টাকা এবং ৪২ হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়।

এ ছাড়া হাওর অঞ্চলের ছয়টি জেলার তিন লাখ ৮০ হাজার পরিবারকে অগাস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাসের জন্য ৩৪ হাজার ২০০ মেট্রিক টন চাল ও অন্যান্য সামগ্রী কেনার জন্য ৫৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৬৪টি জেলায় বিভিন্ন  প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য ৫০ হাজার বান্ডিল ঢেউটিন এ ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

পুরনো খবর:

রোহিঙ্গা নিবন্ধনের প্রস্তুতি শুরু