কাজাখস্তান থেকে ফিরেছেন রাষ্ট্রপতি
মুসলিম দেশগুলোর শীর্ষ সংগঠন ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলনে অংশ নিয়ে কাজাখস্তান থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে স্থানীয় সময় বিকাল ৫টায় কাজাখস্তানের রাজধানী আস্তানা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন আবদুল হামিদ।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শনিবার আস্তানার উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। রোববার ওআইসি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে বক্তব্য দেন আবদুল হামিদ। বক্তব্যে রোহিঙ্গা সঙ্কট নিরসনে পদক্ষেপ নেওয়ার জন্য মুসলিম ও আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি।
একই দিন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন আবদুল হামিদ। ওই বৈঠকে রোহিঙ্গাদের জন্য মিয়ানমার সীমানায় জাতিসংঘের তত্ত্বাবধানে 'সেইফ জোন' প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রপতি।
ওআইসির এ সম্মলনে রাষ্ট্রপতির কার্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রপ্রধানের সঙ্গে ছিলেন।
