২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের নেতাকর্মীদের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান

মানবিক কারণে ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2017, 11:56 PM

Updated : 19 Aug 2022, 05:31 PM

রোববার সন্ধ্যায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। দেশের উত্তরাঞ্চলসহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।

“মানবতার সেবায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্যও সকল ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।”

গত ২৪ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামে। প্রায় ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা এরইমধ্যে বাংলাদেশে ঢুকেছে বলে জাতিসংঘের কর্মকর্তারা ধারণা করছেন।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিপীড়ন চলে আসছে কয়েক দশক ধরে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।